আমৃত্যু অভিশাপে কেটেছে যাঁর জীবন

‘দ্যাখো, ওই লোকটাই কাঁদিয়েছিল পুরো ব্রাজিলকে’। ১৯৭০ সালে ব্রাজিলের একটি সুপার মার্কেটে গিয়ে নিজের সন্তানকে এই কথাগুলো বলেছিলেন এক নারী। যে মানুষটার দিকে আঙুল তোলা হয়েছিল, তাঁর নাম বারবোসা। ১৯৫০ সালের বিশ্বকাপে এই বারবোসাই ছিলেন ব্রাজিলের গোলরক্ষক। তাঁকে ফাঁকি দিয়েই স্বাগতিক ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন উরুগুয়ের উইঙ্গার অ্যালসিডেস ঘিগিয়া। ২-১ গোলে হেরে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি ব্রাজিল।
সেই দুঃসহ স্মৃতিও কখনো ভুলতে পারেনি ব্রাজিলের ফুটবলপাগল মানুষ। আর গোলরক্ষক বারবোসাকে জীবনের বাকিটা সময় কাটাতে হয়েছিল জাতীয় খলনায়ক হিসেবে।
১৯৪০ ও ৫০-এর দশকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হতো বারবোসাকে। কিন্তু সেই একটি গোলই শেষ করে দিয়েছিল বারবোসার সব অর্জন। ৫০ সালের মারাকানা বিপর্যয়ের পর জীবনের বাকিটা সময় তাঁকে যেন কাটাতে হয়েছে এক অদৃশ্য কারাগারে। সব জায়গাতেই পেয়েছেন দুর্ব্যবহার আর অবহেলা। ১৯৯৩ সালে এক সাক্ষাত্কারে বারবোসা বলেছিলেন, ‘ব্রাজিলে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। কিন্তু আমার ক্ষেত্রে সেটা ছাড়িয়ে গেছে আরও ১৩ বছর।’
১৯৫০ সালের বিশ্বকাপের শেষ ম্যাচে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠার সব রকম প্রস্তুতিই নিয়েছিলেন ব্রাজিলের ফুটবলপাগল মানুষ। উরুগুয়ের বিপক্ষে সেই অঘোষিত ফাইনালে জয় না, ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে পারত স্বাগতিকেরা। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ব্রাজিল যে এটুকুও করতে পারবে না, সেটা ছিল কল্পনারও বাইরে। ‘বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল’- এমন শিরোনাম দিয়ে পত্রপত্রিকাও প্রকাশিত হয়েছিল ম্যাচের আগেই। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়েই ম্যাচটা জিতেছিল ২-১ গোলে।
তীব্র শোকে মুষড়ে পড়েছিল পুরো ব্রাজিল। ফুটবলারদের দিকে ধেয়ে এসেছিল সমালোচনার ঝড়। তত্কালীন কোচ ফ্লাভিও কস্তার সমালোচনায় মুখর হয়েছিল ব্রাজিলের ফুটবল বিশ্লেষকেরা। কিন্তু গোলরক্ষক বারবোসাকে যা সইতে হয়েছিল, তা সবকিছুকেই ছাড়িয়ে গেছে। কখনোই ক্ষমা পাননি দুর্ভাগা এই গোলরক্ষক। মারাকানা ট্র্যাজেডির ৪৩ বছর পরও বারবোসাকে ব্রাজিলের একটা ম্যাচেও ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে দেয়নি দেশটির ফুটবল ফেডারেশন। একবার তাঁকে বের করে দেওয়া হয়েছিল ব্রাজিলের অনুশীলন থেকে। বারবোসা এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘একজন অপরাধীও দণ্ড ভোগ করার পর, নিজের ধারদেনা শোধ করার পর ক্ষমা পেয়ে যায়। কিন্তু আমাকে কখনোই ক্ষমা করা হয়নি।’
উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে যে কাঠের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দুটি গোল হজম করেছিলেন, সেটা নাকি ১৯৬৩ সালে ‘উপহার’ দেওয়া হয়েছিল বারবোসাকে। সেটাকেই তিনি বানিয়েছিলেন নিজের দুর্ভাগ্যের প্রতীক। পুড়িয়ে দিয়েছিলেন গোলপোস্টটা। কিন্তু তাতেও ঘোচেনি মারাকানার অভিশাপ। জীবনের শেষ দিন পর্যন্ত বারবোসাকে তাড়িয়ে বেড়িয়েছে মারাকানার ভূত। ২০০০ সালে বারবোসা মারা গেছেন রীতিমতো নিঃস্ব অবস্থায়।