আমৃত্যু লড়বেন আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্র্যাফোর্ড, স্টামফোর্ড ব্রিজ, অ্যানফিল্ড, এমিরেটস স্টেডিয়াম...একেকটা মাঠ সার্জিও আগুয়েরোর কাছে হবে কলোসিয়াম। আর আগুয়েরো নিজে হবেন একজন গ্ল্যাডিয়েটর! যিনি প্রাণ বাজি রেখে লড়তে পারেন আমৃত্যু। ৩৮ মিলিয়ন পাউন্ডের আর্জেন্টাইন স্ট্রাইকার ম্যানচেস্টার সিটিকে দিলেন সেই প্রতিশ্রুতিই। ‘সাফল্যের জন্য আমৃত্যু লড়ব’—বলেছেন ডিয়েগো ম্যারাডোনার জামাই।সিটির আরেক আর্জেন্টাইন খেলোয়াড় কার্লোস তেভেজ সেই শুরু থেকেই বলে চলেছেন ‘যাই-যাই’। ম্যান সিটিতে ২৩ বছর বয়সী আগুয়েরোকে সবাই ধরে নিচ্ছেন অস্থির তেভেজের প্রাকৃতিক পরিবর্ত। সিটিতে নাম লিখিয়ে স্বদেশি-সতীর্থের ঠিক উল্টো কথাই বলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক স্ট্রাইকার। প্রত্যয় ব্যক্ত করেছেন নিজের শতভাগ উজাড় করে দেওয়ার।‘আমার ধরনটাই এ রকম, আমি আমৃত্যু লড়াই করে যাব। প্রতিটা ম্যাচেই শতভাগ দিতে চাই। আমি এমন খেলোয়াড় নই যে সবকিছু করতে পারি। তবে দলকে অনেক কিছুই দেওয়ার আছে’—বলেছেন শ্বশুর ম্যারাডোনার মতো বল নিয়ন্ত্রণের সহজাত ক্ষমতাসম্পন্ন আগুয়েরো।প্রতিপক্ষ ডিফেন্ডারকে সহজেই বোকা বানাতে পারেন। স্বদেশি-সতীর্থ হাভিয়ের মাচেরানো ড্রিবলিংয়েও আগুয়েরোকে দিচ্ছেন দশে দশ, ‘আগুয়েরো সব সময়ই বিপজ্জনক। আপনি ওকে দেখে বুঝতে পারবেন না, ঠিক কোন দিকে যাবে। ড্রিবলিংয়ে তো ওকে দশে দশ দিতেই হবে। আর ও এক জিনিস দুবার করে না। সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করে।’গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের বাছাইয়ে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ম্যাচ ছিল অ্যাটলেটিকোর। সেই ম্যাচের পর আগুয়েরো সম্পর্কে লোকোমোটিভে মস্কোর কোচ আনাতোলি বিশোভেটস বলেছিলেন, ‘আগুয়েরো আমাকে রোমারিওর কথা মনে করিয়ে দিয়েছে।’সবার প্রশংসাধন্য আগুয়েরোকে পেয়ে সিটিরও ধন্যই হওয়ার কথা। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর দৌড়ে যে ইউরোপের আরও অনেক বড় বড় ক্লাবই ছিল। ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসে তো বলতে গেলে পা-ই দিয়ে ফেলেছিলেন আগুয়েরো। শেষ পর্যন্ত আগুয়েরো যে সিটির হলেন, এর জন্য পাবলো জাবালেটাকে ধন্যবাদ জানাতে পারে ইংলিশ ক্লাবটি।আর্জেন্টাইন ডিফেন্ডার জাবালেটার পরামর্শেই ম্যান সিটিতে নাম লেখান আগুয়েরো। ‘আলোচনার সময় আমি জাবালেটার সঙ্গেও পরামর্শ করেছি। সে-ই আমাকে বলেছে, সিটির সুখী একটা স্কোয়াড আছে। এর পরই আমি আমার এজেন্টকে সিটিতে যাওয়ার জন্য সবকিছু করতে বলি। আমার মনে হয়, মানিয়ে নিতে সমস্যা হবে না’—বলেছেন পরশু কমিউনিটি শিল্ডে বেঞ্চে বসে ম্যানইউর কাছে ২-৩ গোলে হারতে দেখা আগুয়েরো। এএফপি।