আমেরিকান সামোয়ার রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বেশি দিন আগের কথা নয়। এই তো ২০০১ সালের এপ্রিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় এসেছিল আমেরিকান সামোয়া। অনুমিতভাবেই হেরেছিল। দলীয় শক্তিতে আকাশ-পাতাল ব্যবধান। তাই বলে ৩১: ০? গুনে গুনে ৩১ গোল খেয়েছিল আমেরিকান সামোয়া! আন্তর্জাতিক ফুটবলের বিশ্ব রেকর্ড। তখন থেকেই আমেরিকান সামোয়ার নাম বড় পরাজয়ের সমার্থক হয়ে গেছে। এক দশকে টানা ৩০ ম্যাচ হারের পর গত ২২ নভেম্বর টোঙ্গাকে হারিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি। এই খবর পুরোনো। নতুন খবর হলো, আমেরিকান সামোয়া এক দিনের ব্যবধানেই পেতে যাচ্ছিল আরেকটি জয়! কুক আইল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। তা-ও ম্যাচে সমতা এনেছে আত্মঘাতী গোল!২৪ মিনিটে শ্যালম লুয়ানির গোলে এগিয়ে গিয়েছিল আমেরিকান সামোয়া। লুয়ানির গোলেই টোঙ্গার বিপক্ষে জিতেছিল তারা। আবারও জয়ের নায়ক হতে পারতেন। কিন্তু ৬২ মিনিটে তালা লুভুর আত্মঘাতী গোলে ভাঙে জয়ের স্বপ্ন। কিন্তু আশা আছে এখনো। শনিবার প্রতিবেশী সামোয়ার সঙ্গে খেলা। ওই ম্যাচে জিতলেই বিশ্বকাপ বাছাইপর্বের ওশেনিয়া অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে উঠবে আমেরিকান সামোয়া। এ যেন রূপকথা! দ্বিতীয় রাউন্ডও তো ‘বিশ্বের সবচেয়ে খারাপ দলে’র তকমা পাওয়া দলটির জন্য বিস্ময়।এই পরিবর্তনের কারিগর কোচ টমাস রনজেন। তিনি বলছেন, ‘এমন একটা সময় ছিল, যখন দল মাঠে খেলতে নামত এই লক্ষ্য নিয়ে—১০ গোলের বেশি খাওয়া যাবে না। ১০ গোলের কম হলেই সেটি হতো অনেক পাওয়া। কিন্তু আমি ওদের বলেছি, অতীত ভুলে যাও। আমরা বর্তমানে বাস করি। দলও ধীরে ধীরে এই আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছে, তারা লড়াই করতে পারে। আর ওই জয় তো অলৌকিক পরিবর্তন এনে দিয়েছে।’যোগ্য কোচের মতোই পুরো কৃতিত্ব শিষ্যদেরই দিচ্ছেন রনজেন, ‘ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। জান বাজি রেখে তারা পরিশ্রম করেছে। লড়াই করেই একটা ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে। এখন আমরা এমন এক অবস্থায় আছি, প্রথম রাউন্ডের চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি!’ রয়টার্স।