আম্পায়ার কেটেলবরো ও ‘হ্যালোইনের রাত’, ভারতীয়দের মনে শঙ্কা
আজ ভারত–নিউজিল্যান্ড ম্যাচে অন্যতম আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। আজ তারিখটা ৩১ অক্টোবর—হ্যালোইনের রাত। ভাবছেন, কী সব যা তা বলা হচ্ছে! টি–টোয়েন্টি বিশ্বকাপের ভারত–নিউজিল্যান্ড ম্যাচে ইংলিশ আম্পায়ার কেটেলবরো আম্পায়ারিং করতেই পারেন, তার সঙ্গে হ্যালোইনের সম্পর্ক কী!
ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াসিম জাফর টুইটারে মজা করে ভারতীয় ক্রিকেট দলকে হ্যালোইনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সেই শুভেচ্ছার সঙ্গে আজকের ম্যাচের কিছু তথ্যও পোস্ট করেছেন। এর মধ্যে অন্যতম তথ্য হচ্ছে—আজকের ম্যাচে আম্পায়ার হিসেবে দাঁড়াচ্ছেন রিচার্ড কেটেলবরো।
কেটেলবরোর সঙ্গে হ্যালোইনের শুভেচ্ছা মেশানোর কারণ আছে। এই ইংলিশ আম্পায়ারের সঙ্গে যে ভারতীয় ক্রিকেট দলের ‘ভুতুড়ে’ সম্পর্ক। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সঙ্গে যে ‘ভূতের উৎসব’ হ্যালোইন কাকতালীয়ভাবেই মিলে গেছে!
কেটেরবরোর সঙ্গে ভারতীয় দলের সম্পর্কের ব্যাপারটিও নেহাতই কাকতাল। নয়তো আইসিসির ইভেন্টে ভারতীয় ক্রিকেট দলের হৃদয় বিদীর্ণ করে দেওয়া পাঁচটি হারের ম্যাচে কেটেলবরো যে অন্যতম আম্পায়ার ছিলেন।
২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত, সে ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। এরপর সিডনিতে ২০১৫ ওয়োনডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল। ঘরের মাঠে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনাল। ২০১৭ সালে লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হার; সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের কাছে হার—সব কটি ম্যাচেই কেটেলবরো ছিলেন আম্পায়ার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচেও কেটেলবরো আম্পায়ার—ভারতীয়দের মনে শঙ্কা না জেগে পারেই না!
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালেই রূপ নিয়েছে। দুবাইয়ের এ ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলেরই। আপাতত সুপার টুয়েলভের গ্রুপ–২–এর পরিস্থিতি বিচার করলে সেটিই মনে হবে। এ গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এখন সেমিফাইনালের বাকি জায়গার জন্য লড়াই করছে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড। তবে লড়াইটা যে মূলত ভারত আর নিউজিল্যান্ডের, সেটি না বললেও চলছে।
আর এ ম্যাচেই কেটেলবরো আম্পায়ার! ভারতীয় দর্শকেরা কিন্তু উদ্বেগে থাকবেন—হ্যালোইনের রাতে আবার অপয়া কিছু না হয়!