আম্পায়ারকে 'আক্রমণ' বিদায়ের দিনেও
সাফল্য নিয়ে যতবার না খবর হয়েছেন, তার চেয়ে অনেক বেশিবার খবরে এসেছেন অন্য কারণে। ২০০১ সালের ইউএস ওপেনের ঘটনাটা হয়তো এখনো অনেকেরই মনে গাঁথা। ফ্ল্যাশিং মিডোয় খেলছিলেন স্বাগতিক প্রতিযোগী জেমস ব্লেকের বিপক্ষে। খেলার মাঝপথেই দাবি করে বসলেন—কৃষ্ণাঙ্গ লাইন্সম্যানকে কোর্ট থেকে সরাতে হবে!
ওই ঘটনার পর ‘বর্ণবাদী’ লেটন হিউইটকে নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। কিন্তু কোর্টে অফিশিয়ালদের নিয়ে কটূক্তি করার অভ্যাসটা থেকেই যায় অস্ট্রেলিয়ান এই প্রতিযোগীর। হিউইট সম্পর্কে বলতে গিয়ে পুরোনো কাসুন্দি নতুন করে ঘাঁটার কারণ—কাল ক্যারিয়ারের শেষ দিনেও সেই হিউইটকে দেখলেন দর্শকেরা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার ফাঁকে আম্পায়ারকে বলে বসলেন ‘নির্বোধ’!
আগেই ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। দ্বিতীয় রাউন্ডে অষ্টম বাছাই ডেভিড ফেরারের কাছে ৬-২, ৬-৪, ৬-৪ গেমে হেরেই শেষ হলো ইউএস ওপেন ও উইম্বলডনজয়ী হিউইটের টেনিস ক্যারিয়ারের।
ম্যাচ শেষে কোর্টে তাঁর সঙ্গে ছিল ছেলেমেয়েরা। গ্যালারিতে স্ত্রী বেক। বিদায়ী অনুভূতি জানাতে গিয়ে যখন বললেন, ‘আমার যা ছিল, তার সবকিছুই দিয়েছি আমি। লকাররুমে আর আমার অবশিষ্ট কিছুই নেই’, তখন ক্যামেরা ধরল চোখ ছল ছল মডেল-অভিনেত্রী বেককে।
বিদায়ী পর্বটা এখানেই শেষ হলে ভালো হতো। পরে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুখোমুখি হতে হলো পাতানো খেলা নিয়েও। বিবিসি এবং বাজফিডের প্রতিবেদনে গত এক দশকে র্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশে আসা অজ্ঞাত যে ১৬ জন ‘ফিক্সারে’র কথা বলা হয়েছে, কেউ কেউ বলছেন তাঁদেরই একজন হিউইট। ‘একদম বাজে কথা’ বলে অবশ্য অভিযোগ উড়িয়ে দিলেন ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান। এএফপি, টেনিসডটকম।
সাবেক নাম্বার ওয়ানের বিদায়ের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদালকে প্রথম রাউন্ডে হারিয়ে দেওয়া ফার্নান্দো ভারদাস্কো। মহিলা বিভাগে হেরেছেন ১৯তম বাছাই, সাবেক এক নম্বর ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। তবে শীর্ষস্থানীয় বাছাই তারকারা পার হয়ে গেছেন সহজেই।