আম্পায়ারকে ‘কমন সেন্স’ ব্যবহারের পরামর্শ
মাঠে শুধু ক্রিকেটীয় আইন নয়, প্রয়োজনে মাঝেমধ্যে ‘কমন সেন্স’ ব্যবহারও করতে হয়। ভারতীয় এক আম্পায়ারকে এ পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। ভারতের আহমেদাবাদে চলছে ইংল্যান্ড একাদশ ও হরিয়ানা একাদশের মধ্যে চার দিনের প্রস্তুতি ম্যাচ। গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় অসুস্থ বোধ করছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ম্যাট প্রিয়র। চা বিরতি চলার সময় বমিও করেন তিনি। এ অবস্থায় বিরতির মাঝেই ‘গুরুতর অসুস্থ’ প্রিয়রের বদলে দ্বাদশ খেলোয়াড় জনি বেইরস্টোকে উইকেটকিপিংয়ের অনুমতি দিতে আম্পায়ারদের অনুরোধ জানান কুক। ক্রিকেটের আইন অনুযায়ী দ্বাদশ খেলোয়াড় ব্যাটিং, বোলিং, উইকেটকিপিং কোনোটিই করতে পারেন না। শুধু ফিল্ডিং করতে পারেন। আম্পায়ার আইনের বই ঘেঁটে কুকের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, বেইরস্টোকে উইকেটকিপিংয়ের অনুমতি দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় আম্পায়ারের উদ্দেশে ক্ষুব্ধ কুক বলেন, ‘আইনটা আমারও জানা আছে। তবে খেলায় মাঝে মাঝে কমন সেন্সও ব্যবহার করতে হয়।’টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ব্যাপারটা অবশ্য তিক্ততার পর্যায়ে যাওয়ার আগেই সমাধান হয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যোগাযোগ করে ভারতীয় বোর্ডের সঙ্গে। ভারতীয় বোর্ড এরপর হরিয়ানা দল ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বেইরস্টোকে উইকেটকিপিংয়ের অনুমতি দেওয়ার পরামর্শ দেয়। এতে সম্মত হন হরিয়ানার অধিনায়ক অমিত মিশ্র। প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি পেয়ে প্যাড পরে মাঠে ঢোকেন বেইরস্টো। কিছুক্ষণ পর ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড সতীর্থ জোনাথন ট্রটকে প্রশ্ন করেন, ‘প্রিয়র কোথায়?’ জবাবে ট্রট বলেন, ‘প্রিয়র ঘুমাচ্ছে।’