আম্পায়ারদের আম্পায়ার হচ্ছেন টফেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ ধরে তিনি বিশ্বের সেরা আম্পায়ারদের একজন। নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পের পেছনে তাঁকে দেখলে স্বস্তি বোধ করেন ব্যাটসম্যান-বোলার সবাই। রেকর্ড টানা পাঁচবার (২০০৪-০৮) হয়েছেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার। এই ধারাবাহিক উৎকর্ষের পুরস্কারই পেতে যাচ্ছেন সাইমন টফেল। আম্পায়ারিং ছেড়ে এবার হতে যাচ্ছেন আম্পায়ারদের আম্পায়ার! আইসিসির আম্পায়ার পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজারের দায়িত্ব নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার। নভেম্বর থেকে তাঁর জায়গায় এলিট প্যানেলে ঢুকছেন স্বদেশি ব্রুস অক্সেনফোর্ড।আম্পায়ারিংয়ের মান বাড়াতে আম্পায়ার পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজারের পদটি সৃষ্টি করেছে আইসিসি। ক্রিকেট-বিশ্বজুড়ে আম্পায়ারদের ট্রেনিং দেওয়া ও নতুন আম্পায়ারদের গড়ে তোলাই হবে টফেলের মূল কাজ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আম্পায়ারিং ছেড়ে দেবেন ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ান। খেলোয়াড়ি জীবনে ছিলেন ফাস্ট বোলার, খেলেছেন মাইকেল স্ল্যাটার, অ্যাডাম গিলক্রিস্টদের সঙ্গে একই ক্লাবে। তবে পিঠের চোটের কারণে তাঁর ক্যারিয়ারটা গতি পায়নি। পরে বেছে নেন আম্পায়ারিং। ১৯৯৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক মাত্র ২৮ বছর বয়সে। পরের বছর টেস্ট অভিষেক মেলবোর্নে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে। সব মিলিয়ে পরিচালনা করেছেন ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি। এক যুগ ধরে ক্রিকেট-বিশ্বের নানা প্রান্তে ঘুরে ক্লান্ত হয়ে যাওয়া টফেল যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন নতুন দায়িত্ব পেয়ে। ক্রিকেটে থাকতে পারছেন, আবার পরিবারকেও এখন দিতে পারবেন অনেক বেশি সময়। নতুন দায়িত্বটা তাই দারুণ মনে ধরেছে টফেলের। ওয়েবসাইট।