আম্পায়ারদের ওপর ব্রডের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টুয়ার্ট ব্রড সংবাদ সম্মেলনে এলেন ঠোঁটের কোণে হাসি নিয়ে। কিন্তু মনে পুষে রেখেছিলেন অজস্র ক্ষোভ। মিনিট দশেক সেই ক্ষোভ উগরে দিলেন ইংলিশ অধিনায়ক। কেন বজ্রপাত ও বিজলি চমকানো শুরুর পরও খেলা বন্ধ করলেন না আম্পায়াররা! ‘জীবনের হুমকি’ থাকার পরও কেন চালিয়ে গেলেন খেলা!
ব্রডের দাবি শুনে খানিকটা খটকা লাগতে পারে। বৃষ্টি নামার পর তো খেলা বন্ধই করে দিয়েছেন আম্পায়াররা! ব্রড আসলে বলছিলেন আরেকটু আগের কথা, বৃষ্টি নামার আগে যখন বিজলি চমকাচ্ছিল। ম্যাচের সেটি পঞ্চম ওভার। ৪.৪ ওভার পর ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে এটা নিয়ে কথাও বলেছিলেন ব্রড। ম্যাককালাম স্বাভাবিকভাবেই রাজি হননি মাঠ ছেড়ে যেতে, তাঁর দল ছিল জয়ের পথে। ৫ ওভারের আগে খেলা বন্ধ হলে ম্যাচ থাকত অমীমাংসিত। ব্রডের ক্ষোভের কারণটা সহজেই অনুমেয়।
তবে ব্রডের দাবি, কালকের পরিস্থিতি ছাড়িয়ে গিয়েছিল ক্রিকেটের সীমানা, ‘যেভাবে বজ্রপাত হচ্ছিল, আমার ধারণা, তাতে দুই দলই ভয় পাচ্ছিল। কিন্তু আম্পায়াররা সেখানে ভয়ের কিছু দেখলেন না। নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য একজন আম্পায়ারের এখানে থাকা উচিত ছিল। আপনাদেরও উচিত আম্পায়ারদের কাছে ব্যাখ্যা দাবি করা। ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তাকে তো হুমকির মুখে ফেলে দেওয়া যায় না! যেভাবে বিজলি চমকাচ্ছিল, তাতে যেকোনো কিছু হতে পারত।’
ডাকওয়ার্থ-লুইস আইন নিয়েও খানিকটা ক্ষোভ ঝাড়লেন ইংলিশ অধিনায়ক, ‘আমাদের সঙ্গে খানিকটা অবিচারই করা হয়েছে। এই হারকে হার বলে মেনে নেওয়া কঠিন। আর এই বৃষ্টি আইন আসলে টি-টোয়েন্টিতে খুব একটা কার্যকর নয়। আগেও নানা সময়ে এর প্রমাণ পাওয়া গেছে। আইসিসির এই ব্যাপারটি দেখা উচিত।’
নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে আসা কাইল মিলসের কণ্ঠে অনুমিতভাবেই অন্য সুর, ‘আবহাওয়ার কারণে যখন খেলা বন্ধ হয়, সব সময়ই এক দল খুশি হয়, আরেক দল অখুশি। সৌভাগ্যবশত আজকে আমাদের হাসার দিন। ম্যাককালাম মাঠে ছিল, ঠিক সিদ্ধান্তই নিয়েছে সে।’