আম্পায়ারদের কাছে সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

সাকিব আল হাসানকে ডারবান টেস্টের দুই আম্পায়ারের কাছে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিকপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আম্পায়াররাও মানুষ’—এই আপ্তবাক্য সবাই জানেন। ডারবান টেস্টের পর নতুন করে সেই কথাকেই আবারও সবাইকে মনে করিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার নামী ক্রিকেট সাংবাদিক টেলফোর্ড ভাইস। কথাটা সবাইকে মনে করিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার এক পত্রিকায় আস্ত একটা কলামই লিখে ফেলেছেন ভাইস। তাঁর হঠাৎ আম্পায়ারদের প্রতি দরদি হয়ে পড়ার কারণ আর কিছু নয়—সাকিব আল হাসান। ডারবান টেস্টের চতুর্থ দিন আম্পায়ারিং নিয়ে একটা টুইট করেছিলেন বাংলাদেশের তারকা, সেখানে তিনি টেস্টে আবারও নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। ডারবানে কিছু ‘ক্লোজ কল’ বাংলাদেশের বিপক্ষে গেছে, এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে টেস্ট না খেলে দেশে ফিরে আসা সাকিবের টুইট সে আগুনেই ঘৃতাহূতি দিয়েছে। ভাইস এখন সাকিবকে সেই টুইটের জন্যই ক্ষমা চাইতে বলছেন।

টেলফোর্ড ভাইস ‘আম্পায়াররাও মানুষ’ শিরোনামে লেখা নিজের কলামে ডারবান টেস্টের দুই প্রোটিয়া আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও ম্যারাইস এরাসমাসের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, আম্পায়াররাও মানুষ, তাঁদের ভুল হতেই পারে। তিনি এই দুই আম্পায়ারের অতীত রেকর্ড তুলে ধরেছেন বেশ যত্ন করেই। তিনি সাকিবের ‘নিরপেক্ষ আম্পায়ার’–সংক্রান্ত টুইটটি নিয়ে লিখেছেন, ‘ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চারটি ভুল সিদ্ধান্ত গেছে। চারটি গেছে তাদের পক্ষে। সাকিব আল হাসানের এটা জানা উচিত। এ ক্ষেত্রে সাকিবের উচিত এরাসমাস ও হোল্ডস্টকের কাছে ক্ষমা চাওয়া।’

ডারবান টেস্টে আম্পায়ারিং ছিল আলোচনায়
এএফপি

ভাইসের এই কলামের পর ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে বিতর্ক ভিন্ন মাত্রা নেবে, সন্দেহ নেই। তবে সোমবার টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে গুটিয়ে গেছে মাত্র ৫৩ রানেই। পঞ্চম দিনে এক ঘণ্টাও খেলা হয়নি। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ আর সাইমন হারমারই শেষ করে দিয়েছেন বাংলাদেশকে।

চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সাতটি সিদ্ধান্ত বদলাতে হয়েছে দুই অনফিল্ড আম্পায়ারকে। উল্টো দিকে দুই দল মিলে ১০ বার রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছে, এর মধ্যে আম্পায়ারের ‘কল’ ছিল ৪টিতে।

‘ক্লোজ কল’গুলো নিয়েই আসলে আপত্তি ছিল বাংলাদেশের। বেশির ভাগই গেছে বাংলাদেশের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভার পর্যন্ত এলবিডব্লুর রিভিউয়ে চারটি আম্পায়ারস কল হয়েছে, এর তিনটিই বিপক্ষে গেছে বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেটের ২টিই বাংলাদেশ পেয়েছে রিভিউ নিয়ে, তবে রিভিউ নিলে বাংলাদেশ পেতে পারত অন্তত আরেকটি উইকেট।

দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগারের উইকেটটি বাংলাদেশ পেয়েছিল রিভিউ নিয়ে। প্রথমে তাঁর বিপক্ষে এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এর কারণ হতে পারে ওই মুহূর্তে দুটি শব্দ শোনা গিয়েছিল। আম্পায়ার হয়তো মনে করেছিলেন বল ব্যাটে লেগেছে। কিন্তু রিভিউয়ে আলট্রা এজে ব্যাটে বল লাগার কোনো প্রমাণ মেলেনি। ওই সময়ই সাকিব টুইট করেন, ‘বেশির ভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই করোনা পরিস্থিতির অবস্থা স্বাভাবিক বলে আমার মনে হয়, আইসিসির উচিত এখন নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনা।’

ক্লোজ সিদ্ধান্তগুলো গেছে বাংলাদেশের বিপক্ষে
ছবি: এএফপি

ভাইস আম্পায়ারদের অতীত রেকর্ড তুলে ধরে লিখেছেন, ‘এরাসমাস খুব সম্ভবত এ প্রজন্মের অন্যতম সেরা আম্পায়ার। তিনি আইসিসির কাছ থেকে সেরা আম্পায়ার হিসেবে ডেভিড শেফার্ড ট্রফি জেতা আম্পায়ার। বেশ কয়েকবার জিতেছেন তিনি। ২০১৬, ২০১৭ আর ২০২১। যতবার তিনি জিতেছেন, আলিম দার আর রিচার্ড কেটেলবরোও ততবারই জিতেছেন এই পুরস্কার। পুরস্কারটি কেবল সাইমন টফেল ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার জিতেছেন।’

এরাসমাসের ভালো আম্পায়ারিংয়ের পরিসংখ্যানও তুলে ধরেছেন ভাইস, ‘ডারবান টেস্টের আগে এরাসমাসের ২৬৪টি সিদ্ধান্তের রিভিউ হয়েছে। এর ৬৯টিতে তাঁর দেওয়া সিদ্ধান্ত বদলেছে। যেটি তাঁর সিদ্ধান্তের ২৬.১৪ শতাংশ। কিংসমিডে তাঁর সিদ্ধান্ত বদলে যাওয়ার হার ৫৫.৫৬ শতাংশ।’

আড্রিয়ান হোলস্টক ডারবানে তাঁর পঞ্চম টেস্ট পরিচালনা করতে দাঁড়িয়েছিলেন। ভাইস তাঁর সম্পর্কে লিখেছেন, ‘এই টেস্টে হোল্ডস্টক আরও বেশি সফল। তাঁর বিপক্ষে আটটি রিভিউর পাঁচটিই ভুল প্রমাণিত হয়েছে। একটি অবশ্য ছিল “আম্পায়ারস কল”। রোববার নাজমুল হোসেনের পক্ষে একটি সিদ্ধান্ত দেন, যেটিতে দক্ষিণ আফ্রিকা রিভিউ নেয়নি।’

ভাইস প্রশ্ন করেন, ‘উদ্বেগের বিষয় না হলেও প্রশ্ন তোলার মতো কারণ তো আছেই। যেখানে গোটা টেস্টে ১১টি ভুল কলের ৩টি আম্পায়ার আর ফিল্ডিং দলকে বোকা বানিয়েছে, আর অন্য ৩টিতে আম্পায়ারদের সিদ্ধান্ত ঠিক হয়েছে কোনোমতে, প্রশ্ন সে কারণেই উঠছে। এরাসমাস আর হোল্ডস্টক দুজনই খুব ভালো আম্পায়ার। কেবল দক্ষিণ আফ্রিকান হওয়ার জন্যই কি এই দুই আম্পায়ারের বিরুদ্ধে তাঁদের দেশের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার কথা উঠছে? সাকিব আল হাসান খুব সম্ভবত সেটিই মনে করেন।’

আম্পায়ারিং নিয়ে সন্তুষ্ট ছিল না বাংলাদেশ
ছবি: এএফপি

সাকিবের নিজের শৃঙ্খলার রেকর্ডের দিকে ইঙ্গিতটাও করতে ভোলেননি ভাইস। তিনি যেন দুই আম্পায়ারের কাছে ক্ষমা চান এমন আহ্বান জানিয়েও ভাইস লিখেছেন, এরাসমাস আর হোল্ডস্টক যেন এমন কিছু খুব দ্রুত প্রত্যাশা না করেন, ‘এই টেস্টে দুই দলের পক্ষেই চারটি করে সিদ্ধান্ত রিভিউতে বদলে গেছে। এখন এরাসমাস আর হোল্ডস্টক কি সাকিবের কাছে ক্ষমা প্রার্থনা আশা করবেন? সাকিবের অতীতের বিশৃঙ্খল ইতিহাস যা, তাতে এরাসমাস আর হোল্ডস্টক সেটি যে খুব দ্রুত পেয়ে যাবেন, এমন প্রত্যাশা না করাই ভালো।’