আম্পায়ারিং নিয়ে বাংলাদেশের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ মাত্রই ভুল। তবে প্রযুক্তির আবির্ভাব ক্রিকেটে সেই ভুল আর মেনে নিতে দিচ্ছে না। টেস্ট ক্রিকেটে ইউডিআরএস (আম্পায়ার্স ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহার না করাটাও নতুন একটা ভুল কি না, সেটাই বরং প্রশ্ন।বিসিবি এই ভুলটাই করছে সিরিজের পর সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ইউডিআরএস ছিল না আজ শেষ হতে চলা পাকিস্তান সিরিজেও, যার মাশুল দিয়ে প্রায় প্রতি ম্যাচেই আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার বাংলাদেশ দল। কাল ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে যেমন হলেন দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও শাহরিয়ার নাফীস। এ নিয়ে দিনশেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিপক্ষেই কেন বারবার দুর্বল আম্পায়ারিং হচ্ছে, উঠছে সে প্রশ্নও।সরাসরি ক্ষোভ প্রকাশ না করলেও স্টুয়ার্ট ল বলেছেন, ‘এটা আবারও মনে করিয়ে দিল বাংলাদেশের মতো চাপে থাকা দলগুলোর জন্য ইউডিআরএস কতটা জরুরি। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের টিকে থাকা নিয়ে অনেক কথা হচ্ছে। সঠিক সিদ্ধান্ত না পেলে আমাদের কাজটা অনেক কঠিন হয়ে যায়।’ লর বিশ্বাস, শতকরা ৯৯ ভাগ আম্পায়ারই টেস্ট ক্রিকেটে ইউডিআরএস ব্যবহারের পক্ষে। এতে উপকৃত হন খেলোয়াড়েরাও।কিন্তু এত কিছুর পরও কেন হোম সিরিজে ইউডিআরএস নিচ্ছে না বিসিবি? বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদের ব্যাখ্যা, ‘আমরাও অনুভব করছি ইউডিআরএস নেওয়াটা আমাদের জন্য জরুরি। এ নিয়ে আমরা নিমবাসের সঙ্গে কথা বললে তারা ইউডিআরএস দিতে পারবে না বলে জানিয়েছে। দিলেও সেটা পূর্ণাঙ্গ ইউডিআরএস হবে না। আর এ জন্য প্রতি সিরিজে অতিরিক্ত খরচ পড়বে ৭০ লাখ থেকে এক কোটি টাকা।’ নিমবাসের ইউডিআরএস দিতে না পারার মূল কারণ, তাদের সঙ্গে বিসিবির টেলিভিশন সম্প্রচার চুক্তিতে নেই এটি দেওয়ার শর্ত। চুক্তি স্বাক্ষরের সময় আন্তর্জাতিক ক্রিকেটে ইউডিআরএস ব্যবহারের বিষয়টি ছিলও না। তার পরও তারা সেটি দিলে অতিরিক্ত খরচ পড়বেই। কারণ, ইউডিআরএস পদ্ধতির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো সারা বিশ্বেই অপ্রতুল।মনজুর আহমেদ আশার কথাও শুনিয়েছেন। নিমবাসের সঙ্গে বিসিবির ছয় বছরের চুক্তি শেষ হবে আগামী বছরের এপ্রিলে। এরপর নতুন চুক্তিতে ইউডিআরএস পদ্ধতি অন্তর্ভুক্ত করবে বিসিবি। নিমবাসের সঙ্গে চুক্তি থাকাকালীন এটাই বাংলাদেশের শেষ হোম সিরিজ বলে পরের সিরিজে ইউডিআরএস পাওয়ার আশা করাই যায়।