আম্পায়ারের সঙ্গে তর্ক, পন্টিংকে জরিমানা
বাজে পারফরম্যান্সের কারণে এমনিতেই নিজের ক্যারিয়ারে প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে। তার ওপর অ্যাশেজ লড়াইয়ে হারতে বসেছে তাঁর দল। মাথা কি আর ঠিক থাকে! মেলবোর্নের টেস্টের দ্বিতীয় দিনে কেভিন পিটারসেনের ক্যাচ আউটের আবেদন করেছিলেন পন্টিংরা। টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, আউট হননি পিটারসেন। তার পরও মেনে নিতে পারেননি পন্টিং। তর্কে লেগে যান আম্পায়ার আলিম দারের সঙ্গে! বাজেভাবে তর্ক করার অপরাধে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে অসি অধিনায়ককে।বিবিসি জানায়, নটআউটের সিদ্ধান্তের পরও এক মিনিটের বেশি সময় ধরে আম্পায়ার দারের সঙ্গে তর্ক করেন পন্টিং। আরেক আম্পায়ার টনি হিল ও পিটারসেনের সঙ্গেও তর্কে লিপ্ত হন তিনি।দিনের খেলা শেষে আইসিসি এক তথ্য বিবরণীতে জানায়, আইসিসির আচরণবিধির প্রথম পর্যায়ের অপরাধ করেছেন পন্টিং। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে বলেন, ‘অধিনায়ক হয়েও রিকি যে আচরণ করেছেন, তা অগ্রহণযোগ্য।’