আয়ারল্যান্ডকে হারিয়ে উজ্জ্বল বাংলাদেশের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন উজ্জ্বল করে তুলেছে বাংলাদেশ। বিকেএসপিতে আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় জয়। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে সরাসরি সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। হেরে গেলেও অন্য গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে প্লে অফ জিতে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। সেটিতে হারলেও ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার আরেকটি সুযোগ পাওয়া যাবে। সে ক্ষেত্রে অন্য গ্রুপের চতুর্থ দলের সঙ্গে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটি জিততে হবে। অর্থাত্ ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার জন্য বাংলাদেশ তিনটি ম্যাচ হাতে পাচ্ছে।মেয়েদের ক্রিকেটে ঐতিহ্য বিবেচনায় আয়ারল্যান্ড ছিল কালকের ম্যাচে ফেবারিট। কিন্তু মাঠের খেলায় সেই হিসাব-নিকাশ মিথ্যা প্রমাণ করেছে সালমা খাতুনের দল। প্রথমে ব্যাটিং করে ২০৯ রান করেছিল বাংলাদেশ। পরে আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছে মাত্র ১১৪ রানেই। বাংলাদেশের জয়ের নায়িকা খাদিজাতুল কোবরা। ৩২ রানে ছয় উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।আয়ারল্যান্ড ইনিংসের প্রথম বলেই ওপেনার শিলিংটনকে আউট করে দিয়েছিলেন পান্না ঘোষ। এরপর দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন সিসিলিয়া জয়েস ও জিল ওয়েলান। সেই অগ্রযাত্রা থামিয়ে দেন খাদিজাতুল কোবরা। তাঁর দুর্দান্ত বোলিংয়ে তিন অঙ্কের কোটা স্পর্শ করার আগেই একে একে সাজঘরে ফেরেন ওয়েলান, সিসিলিয়া জয়েস, অধিনায়ক ইসোবেল জয়েস, রিচার্ডসন, স্কট-হেওয়ার্ড ও লরা ডেলানি। ২৪ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড পরিণত হয় সাত উইকেটে ৯৯ রানে। পরবর্তী দুই ওভারে রান আউটে কাটা পড়েন অ্যামি কেনেলি ও ম্যারি ওয়ালড্রন। আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১৪ রানেই।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সালমা খাতুন ও ওপেনার শুকতারার ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ ২০০ ছাড়িয়ে যায়। উদ্বোধনী ব্যাটার শুকতারা ৪৭ রান করেন। ৭৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছেন সালমা খাতুন। নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ক্রিকইনফো।