আর এক শুমাখার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুমাখার–তনয় মিক
শুমাখার–তনয় মিক

১৬তম জন্মদিনের কেক কেটেছেন গত মাসে। রেসের ট্র্যাকেও ছেলেটা একেবারেই নতুন। তার পরও সেই কিশোরের ফর্মুলা ফোর-এ অভিষেক নিয়ে রেসিং-দুনিয়ায় ঝড়। হতেই হবে। নামের সঙ্গে ‘শুমাখার’ পদবিটা আছে যে তাঁর—মিক শুমাখার। কিংবদন্তি ফর্মুলা ওয়ান রেসার মাইকেল শুমাখারের ছেলে।
২০১৩ সালের ডিসেম্বরে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া ফর্মুলা ওয়ান কিংবদন্তি এর পর থেকেই শয্যাশায়ী। এখনো সেরে ওঠেননি পুরোপুরি। তবে পারিবারিকভাবে যেটুকু জানা গেছে, ক্রমেই উন্নতি হচ্ছে তাঁর। কোনো দিন আদৌ পুরো সুস্থ হবেন কি না, কিংবা সুস্থ হলেও আবার রেসের ট্র্যাকে ফিরতে পারবেন কি না, সেসব প্রশ্ন ভবিষ্যতের জন্য তোলা থাকছে। তবে বাবার দেখানো পথে হাঁটার জন্যই নিজেকে তৈরি করছেন ছেলে মিক।
গত মৌসুমে জার্মান কার্টিং চ্যাম্পিয়নশিপে রানারআপ হওয়া মিক সপ্তাহ দুয়েক আগেই টেস্ট ড্রাইভিং করেছেন ডাচ ফন অ্যামার্সফুর্ট ফর্মুলা ফোর টিমের হয়ে। গতকাল জার্মানির ফর্মুলা ফোর মৌসুমের প্রথম দিনই ট্র্যাকে নামার কথা ছিল মিকের। সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন বাবার সঙ্গে তুলনা গোড়াতেই থামিয়ে দিতে এত দিন মা কোরিনা বেটশের পদবি ব্যবহার করেছেন। এই প্রথমবার বাবার পদবি নিয়ে ট্র্যাকে নামার কথা মিকের। অবশ্য তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিকি লাউডা মনে করেন, এসবের পরও মিকের মধ্যে তাঁর বাবাকেই হয়তো খুঁজে ফেরা হবে, ‘অবশ্যই সবার চোখ থাকবে তার দিকে। আর সেটা তার বাবার কারণেই। ওর জন্য এটা একটা বিশাল চাপ।’ মেইল অনলাইন।