আর কত টাকা চাই ভারতীয় বোর্ডের?
জিম্বাবুয়ের উদীয়মান তরুণ পেসার কাইল জারভিস ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা-সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে ২০১৩ সালে মাত্র ২৪ বছর বয়সে জাতীয় দল থেকে অবসর নিয়ে নাম লেখান কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারে। উদ্দেশ্য একটাই, জীবিকার একটা নিরাপদ সংস্থান করা। জিম্বাবুয়ের ক্রিকেটে এটা মোটেই কোনো বিচ্ছন্ন ঘটনা নয়। শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কথা ধরুন। লঙ্কান বোর্ড বছরের পর বছর ধরে ঋণগ্রস্ত, ২০১০-১১ সালে ক্রিকেটাররা আট মাস ছিলেন বেতনবঞ্চিত। ওয়েস্ট ইন্ডিয়ানরা তাদের ছেলেমেয়েদের এখন ক্রিকেটার বানানোর চেয়ে অন্য খেলার দিকে মনোযোগী করে তুলছে। বাংলাদেশে ক্রিকেটারদের জন্য বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা না থাকলেও বছরজুড়ে ক্রিকেটকে ঠিকমতো মাঠে রাখা সম্ভব হয়ে ওঠে না।
এমনকি যেখানে বর্তমান টেস্ট ক্রিকেটের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকেও টাকার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) শুধু দেড় হাজার কোটি টাকা (১১০০ কোটি রুপি) অলস পড়ে আছে ব্যাংকে! বিসিসিআই এতেও সন্তুষ্ট নয়। এর পরও ভারতের দাবি, আইসিসির লভ্যাংশের ‘সমবণ্টন নীতি’র পরিবর্তন এনে এই লভ্যাংশ অর্জনে যার যার ‘অবদান’ অনুযায়ী ভাগ-বাঁটোয়ারা করার।
আইসিসির নেট আয়ের ৭৫ শতাংশ এর স্থায়ী সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। বাকি অংশ থেকে অন্যান্য সহযোগী সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। কিন্তু ভারতের দাবি হচ্ছে এই লভ্যাংশ বণ্টন করা হোক আইসিসির আয়ে যার যার অবদান অনুযায়ী। সে হিসেবে আইসিসির বাণিজ্যলক্ষ্মী ভারতের পকেটেই যাবে লভ্যাংশের সিংহভাগ। একেই কি বলে ‘যখন রোম পোড়ে তখন নিরো বাঁশি বাজায়’? কেননা আইসিসির ৭ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ না পেলেও ভারতের কিছুই যায়-আসে না। কিন্তু জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজের বাজেট থেকে সামান্য কম পড়লেও তাদের হয়তো ছাঁটাই করতে হবে কোনো বার্ষিক উন্নয়ন বাজেট বা বয়সভিত্তিক কোনো আসর।
ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা অসাধারণভাবে ব্যাখ্যা করেছে বিষয়টি। কথিত সংস্কার প্রস্তাব মানা হলে বিষয়টি দাঁড়াবে এমন, যে তিন ক্রিকেট বোর্ডের আইসিসির টাকা সবচেয়ে কম দরকার, তারাই পাবে সবচেয়ে বেশি। আর বাকি যে সাত ক্রিকেট বোর্ডের আইসিসির টাকা সবচেয়ে বেশি দরকার, তারাই পাবে সবচেয়ে কম।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ২০১২-১৩ অর্থবছরে মোট আয় ১ হাজার ২০০ কোটি টাকা আর খরচপাতি বাদে নিট আয় ৪৪০ কোটি টাকা। নিমবাসের কাছে বৈশ্বিক মিডিয়াস্বত্ব বিক্রয়, জি টেলিফিল্মসের কাছে নিরপেক্ষ মাঠের খেলার স্বত্ব বিক্রয়, নাইকির সঙ্গে অফিশিয়াল কিট সরবরাহের পৃষ্ঠপোষকতা চুক্তি, সাহারার সঙ্গে ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতার চুক্তি, হোটেল, ভ্রমণ, মাঠ ব্যবহার ইত্যাদি অন্য আরও বিভিন্ন পৃষ্ঠপোষকতা এবং অবশ্যই সোনার ডিম পাড়া হাঁস আইপিএল মিলিয়ে অপরাপর ক্রিকেট বোর্ড থেকে তো বটেই, সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়েও বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আয় দ্বিগুণ।
আইসিসির উপার্জনে সবচেয়ে বেশি—তিন-চতুর্থাংশ অবদান রাখা ভারতের এমন দাবি ঠিক অন্যায্য না হলেও ক্রিকেটের বিশ্বায়নের পথে এটা একটা বড় হুমকি। কেননা ক্রিকেট এখনো হাতেগোনা গুটিকয়েক দেশের খেলা। ফুটবল বা অন্যান্য খেলার মতো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এ মুহূর্তে প্রয়োজন ভেদাভেদহীন এবং আর্থিকভাবে শক্তিশালী একজন অভিভাবক।
‘এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি/ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’।
শতবর্ষ আগে কবিগুরুর বিখ্যাত চরণ দুটি যেন এ-কালে বিসিসিআইয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রযোজ্য!