আর কত নিচে নামাবেন ময়েস!

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান এখন সাতে। ৩১ ম্যাচে ‘রেড ডেভিল’দের পয়েন্ট ৫১। শীর্ষে থাকা চেলসির চেয়ে ডেভিড ময়েসের দলের ব্যবধান পাক্কা ১৮ পয়েন্ট। পারফরম্যান্স এতটাই বাজে, ইউনাইটেডের অবস্থান এখন এভারটন, টটেনহাম হটস্পারেরও পর। রেড ডেভিলদের এমন হতশ্রী অবস্থা সর্বশেষ কবে দেখেছে সমর্থকেরা?
দলের এমন ত্রাহি অবস্থায় নিয়মিত মুণ্ডুপাত চলছে ময়েসের। ভালো-খারাপ দুভাবেই রেকর্ড হয়। ময়েসের রেকর্ডগুলো অবশ্য বেশির ভাগই নেতিবাচক। দর্শক-সমর্থকের কাছে এ ধরনের রেকর্ড অবশ্যই অপ্রত্যাশিত। ময়েসের অধীনে স্মরণকালে সবচেয়ে বাজে পারফরম্যান্স দেখানো ইউনাইটেডের ‘রেকর্ড’গুলো একবার দেখা যেতে পারে।
* পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী, ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর এবারই সবচেয়ে বাজেভাবে মৌসুম শেষ করতে যাচ্ছে ইউনাইটেড।
* গত এক দশকে ঘরোয়া লিগে রেড ডেভিলদের এটিই সবচেয়ে বাজে ফর্ম।
* ২০০১-এর পর এবার মৌসুমে প্রথম টানা তিনটি পরাজয়।
* এফএ কাপ শেষ হয়েছে তৃতীয় রাউন্ডে। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে এমনটি হয়েছিল মাত্র একবার।
* ১৯৭২ সালের পর ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে প্রথম পরাজয়।
* ১৯৭৮ সালের পর ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে প্রথম পরাজয়।
* ১৯৮৪ সালের পার স্টোকের বিপক্ষে প্রথম লেগে পরাজয়ের ঘটনাও ঘটেছে এবার।
* প্রিমিয়ার লিগ শুরুর পর এবারই প্রথম ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের কাছে ঘরের মাঠ ও অ্যাওয়ে—দুই ম্যাচেই হেরেছে ময়েসের দল।
* ঘরের মাঠে প্রথম মিনিটেই গোল হজমের রেকর্ডও হয়েছে এবার।