আর কবে সেই দিন!

এটাই কি হতে পারত সেই দিন! এটাই কি হতে পারত সেই ম্যাচ! সেই খেলা!
সেই শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু। বাংলাদেশ একটার পর একটা ম্যাচ হারছে। কখনো জিততে জিততে, কখনো লজ্জায় নুয়ে পড়া হার। প্রতিটি ম্যাচ শেষে মুশফিকুর রহিমের মুখে ফুটে উঠছে বাংলাদেশের ক্রিকেটের যন্ত্রণাক্লিষ্ট চেহারা। একটা জয়, একটু সাফল্যের জন্য হাহাকার দেশজুড়ে।
নিজেদের সেই দিনটা কাল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। সাফল্য সুধা পানে মনপ্রাণ জুড়ানোর উপলক্ষ। মাঠের ব্যর্থতা আর মাঠের বাইরের নানা বিতর্কে ছেয়ে আছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ যে জয় পাচ্ছে না সেটা বড়, নাকি টেলিভিশন ক্যামেরার সামনে সাকিব আল হাসানের অশোভন শরীরী ভাষা! কিংবা দল নির্বাচন নিয়ে অধিনায়ক বনাম প্রধান নির্বাচকের যে খণ্ডযুদ্ধ হয়ে গেল, সেটি! পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে কোচ, অধিনায়ক, নির্বাচকদের ডেকে ‘জরুরি’ সভা করতে হয়েছে বোর্ড সভাপতিকে। চরমপত্র ঘোষণা করা হলো—পারফর্ম করতে না পারলে জায়গা হবে না দলে। শৃঙ্খলা ভঙ্গকারীর শাস্তি অনিবার্য। সঙ্গে গোপন শত্রুর মতো ফাঁদ পেতে ছিল চোটাঘাতের ষড়যন্ত্রও।
খারাপ সময় এলে এভাবেই আসে। কারও হাত ফাটে, কারও পায়ে ব্যথা। তখন কিছুই হয় না। ব্যর্থতার রন্ধ্র দিয়ে ঢুকে পড়ে অনাহূত বিতর্ক। ছোটখাটো অনেক সমস্যা বড় হয়ে দেখা দেয়। কেউ হাসলেও মনে হয়, হাসিতে কী যেন আছে। কারও দাঁড়ানো ঠিক মনে হয় না। কারও বসা ঠিক হয় না। আর জয় মানে সাত খুন মাফ। কাল জয় পেলে সাকিব টিভিতে কী দেখালেন, সেটা ভুলে যেত মানুষ। মনে রাখত ইনিংসের শেষ বলের আগের বলে উমর গুলকে মিড উইকেট দিয়ে মারা বিশাল ছক্কার কথা। ১৬ বলে অপরাজিত ৪৪ রানের শিহরণ। আফগানিস্তানের কাছে হার তখন হতো বিস্মৃত অতীত। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরটাই তাজা স্মৃতি হয়ে থাকত। সব খারাপ মুছে ফেলে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে দুরন্ত হয়ে ওঠার গল্প উত্তপ্ত করে তুলত চায়ের আড্ডা।
সমালোচনা করতে করতে কেউ খেয়ালই করেনি, কখন এতটা বদলে যেতে নিয়েছিল বাংলাদেশ দল! ড্রেসিংরুমে কী মন্ত্র পড়ে দিয়েছেন নেতা মুশফিকুর রহিম! নাকি একাডেমি মাঠে ক্রিকেটারদের বৃত্তাকার সভায় কোচ শেন জার্গেনসেনের আওড়ানো কোনো একটা শব্দ টনিক হতে নিয়েছিল? কিংবা পারফরমারদের মধ্যমণি সাকিব আল হাসানের ফেরা মুমূর্ষু দলে সঞ্চার করেছিল প্রাণের! অথবা অন্য কিছু? লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া কোনো মানসিক বিক্রিয়া। সে যা-ই হোক, বাংলাদেশের ক্রিকেটাররা যে খাদের কিনারা থেকেও ফিরে দাঁড়াতে পারেন, তা তো একটুর জন্য পুরোপুরি দেখা হলো না! এই একটা সাহস, যা বয়ে নিয়ে যাওয়া যেত দূর থেকে দূরে, বহু দূরে। আজ থেকে দশ-বিশ বছর পরও ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা পরিসংখ্যানের পাতা উল্টে বলত, ‘২০১৪ সালে আমরা পেরেছিলাম বিপর্যয় থেকে ফিরে আসতে। এখন নয় কেন?’ হলো না।
যাদের হাত ধরে হচ্ছিল এই ঘুরে দাঁড়ানো, দুই দিন আগেও বাংলাদেশের সেই ক্রিকেটারদের শরীরী ভাষায় জড়তা খুঁজেছে সবাই। এটা বাংলাদেশ না হয়ে বাংলাদেশের প্রতিবেশী কোনো দেশ হলে হয়তো ক্রিকেটারদের কুশপুত্তলিকা দাহও দেখতে হতো। ঢিল পড়ত মুশফিকুর রহিমের বাড়িতে। বাংলাদেশ গর্বিত যে, এ দেশের মানুষ ক্রিকেট পাগল হলেও অতটা চরমপন্থী নয়। এখানে ক্রিকেট আর ক্রিকেটারদের প্রতি ভালোবাসার ছড়াছড়ির বিপরীতে বড়জোর ক্ষোভ আর অভিমান আছে। এ দেশের অল্পে তুষ্ট মানুষ খুব দ্রুত ভুলে যায় ফেলে আসা নিরানন্দ সময়ের কথা। এক টুকরো সাফল্য তাদের মন এতটাই রাঙিয়ে দিয়ে যায় যে, গোটা দেশ হয়ে ওঠে আনন্দ-মঞ্চ। জয়ের সঙ্গে অল্প একটু দূরত্ব এবারের তরে সেটি হতে দিল না। তবে বাংলাদেশ দলের মধ্যে যে পরিবর্তনের লক্ষ্য সুস্পষ্ট, সেটা স্বীকার করতেই হবে।
শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। পিঠাপিঠি তিনটা আসরই বাংলাদেশে, তিনটাতেই খেলবে বাংলাদেশ দল। টানা ক্রিকেটের শারীরিক ও মানসিক প্রস্তুতি তাই নেওয়াই ছিল। আর ছিল স্বপ্ন। শ্রীলঙ্কা সিরিজটা ভালো খেলতে হবে। তা থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে যেতে হবে এশিয়া কাপে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। কিন্তু গোড়ায় গলদ (শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা) আশাটাকে বাস্তবে জমাট বাঁধতে দিচ্ছে না। স্বপ্নপূরণ দূরে থাক, এশিয়া কাপ হয়ে দাঁড়িয়েছে মানসিক উৎপীড়নের কারণ। একটার পর একটা হারে পিঠ ঠেকে গেছে দেয়ালে।
কাল সেখান থেকেই ফিরে আসতে চাইল বাংলাদেশ। ফিরিয়ে আনতে চাইল নিজেদের সেই দিন। নিজেদের সেই খেলা। কিন্তু সবই কি আর মানুষের হাতে? ভাগ্য বলেও তো একটা কথা আছে। এত সম্ভাবনার পরও যখন দেখা মিলল না সেই দিনের, বুঝে নিতে হবে, ভাগ্যদেবী এখনো মুখ ফিরিয়েই আছেন।