প্রধান নির্বাহীদের সভা ও বার্ষিক সভা পর পর। লন্ডনে ২৬ থেকে ২৯ জুন তাই খুব ব্যস্ত সময় কাটবে বিশ্বের শীর্ষ ক্রিকেট প্রশাসকদের। এই ব্যস্ততার মধ্যেই বিসিবি সভাপতি আর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীকে দৃষ্টি রাখতে হবে আরেকটা দিকেও। আইসিসির এসব সভা চলাকালেই যে তাঁরা জেনে যাবেন, কী আছে বিপিএলের ফিক্সিং নিয়ে আকসুর তদন্ত প্রতিবেদনে! আকসুর সঙ্গে বিসিবি কর্মকর্তাদের আলোচনার সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ জুন। পরশু বোর্ড সভাপতি নাজমুল হাসানও বলেছিলেন, আকসুর তদন্ত প্রতিবেদন পেয়ে যেতে পারেন ইংল্যান্ড সফরেই।
যেকোনো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে যাঁদের হয়ে তদন্তটা করা হয়, রিপোর্ট সম্পর্কে তাঁদের পূর্বধারণা দিয়ে থাকে আকসু। লন্ডনে সম্ভাব্য আলোচনায় সে ধারণাই দেওয়া হবে বলে ধারণা করছেন বিসিবির কর্মকর্তারা। হস্তান্তর হয়ে যেতে পারে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনও। তবে তদন্ত প্রতিবেদনে কী আছে, সেটা আকসু কর্মকর্তাদের পাশে রেখেই প্রকাশ করতে চায় বিসিবি। ‘প্রতিবেদনে হয়তো এমন কোনো তথ্য বা বিষয় থাকবে, যেটার যথাযথ ব্যাখ্যা বিসিবির পক্ষে দেওয়া সম্ভব হবে না। সে জন্যই আমরা চাচ্ছি তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় আকসু কর্মকর্তারাও সঙ্গে থাকুন’—বলেছেন বিসিবির এক কর্মকর্তা। সেটা হলে বিসিবি সভাপতি লন্ডন থেকে ঘুরে আসার পর আকসুর লোকজনও আবার আসতে পারেন ঢাকায়। তবে আপাতত শুধু বিপিএলের ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদনই দেওয়ার কথা আকসুর। আন্তর্জাতিক অংশের তদন্তটা আলাদাভাবে করবে আইসিসি। সেটির শিকড় এতই গভীরে যে তা করতে বেশ ভালোই সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে।
আকসুর প্রতিবেদনে তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য থাকলেও দোষীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট শাস্তির কথা না থাকার সম্ভাবনাই বেশি। তবে অপরাধের মাত্রা অনুযায়ী ধারা উল্লেখ করে শাস্তির সুপারিশ করা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। সিদ্ধান্ত যা-ই হোক, আকসুর তদন্ত প্রতিবেদনে কী আছে, সেটা এখন কোটি টাকার প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিংয়ের কথা স্বীকার করায় আশরাফুলের শাস্তির ক্ষেত্রে সেটাও বিবেচনায় আনা হবে কিনা? যত দূর জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটের ফিক্সিংয়ের তদন্ত যেহেতু এখনো শুরু হয়নি, আপাতত শুধু বিপিএলে করা অপরাধই বিবেচনায় আনা হবে আশরাফুলের শাস্তির ক্ষেত্রে।
আশরাফুল অভিযোগ স্বীকার করেই ফেলেছেন, তাঁর ব্যাপারে শাস্তির মাত্রাটা নিয়েই তাই কেবল কৌতূহল। বোর্ড সভাপতির আভাস অনুযায়ী প্রতিবেদনে আরও নাম আসতে পারে। সেগুলো কাদের, জনমনে কৌতূহল সেটা নিয়েও। এসব ব্যাপারে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানা না গেলেও আকসুর রিপোর্টে ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিকপক্ষকে যে ক্রিকেট জুয়ায় জড়িত থাকার অভিযোগে ভালোভাবেই অভিযুক্ত করা হতে পারে, সে আলোচনা বিসিবি অফিসের করিডরে কান পাতলেই শোনা যায়। ফ্র্যাঞ্চাইজি মালিকদের চাপে স্পট ফিক্সিং করেছেন—আশরাফুলের এই বক্তব্য ভালোভাবেই আমলে নিয়েছে আকসু।
আশরাফুলকে লঘু শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দিয়েছে আকসু। বিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশের খেলোয়াড়দের জড়িত থাকার অনেক তথ্য দিয়ে তিনি সাহায্য করেছেন আকসুকে। পুরস্কার হিসেবে তাই শুধু কম শাস্তিই নয়, ভবিষ্যতে আরও নানাভাবেই আইসিসির কাছের মানুষ হয়ে যেতে পারেন আশরাফুল।