
ক্রিকেট তাঁকে দুহাত ভরে দিয়েছে। রিকি পন্টিংও ক্রিকেটকে ফিরিয়ে দিয়েছেন দুহাত ভরেই। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নিজেকে উজাড় করে দিয়ে রেখে চলেছেন অসামান্য অবদান। পন্টিং দুই দিন আগে বলে দিয়েছেন, আগামী অক্টোবরে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলে ক্রিকেটকে বিদায় বলবেন একেবারেই। পূর্বসূরির এই ঘোষণা শুনেই মাইকেল ক্লার্ক মেলে ধরলেন প্রশংসার ডালি। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়কের কাছে তাঁর পূর্বসূরি এক ‘বিস্ময়কর’ খেলোয়াড়।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছুটিয়ে চলেছেন ৩৮ বছর বয়সী পন্টিং। গত মাসে ইংলিশ কাউন্টিতে সারের হয়ে অভিষেকেই খেলেছেন ১৯২ রানের ইনিংস। তার আগে গত মার্চে হয়েছেন শেফিল্ড শিল্ডের সেরা খেলোয়াড়। এক দিকে পন্টিংয়ের ব্যাটে রানের ফোয়ারা। অন্যদিকে ফর্মহীনতা আর শৃঙ্খলাগত দিক দিয়ে অস্ট্রেলিয়া দলের করুণ চিত্র। দুই মিলিয়ে আসন্ন অ্যাশেজের জন্য ১৬৮টি টেস্ট খেলা পন্টিংকে আবার ফেরানো যায় কিনা, তা নিয়ে চলছিল জোর আলোচনা। কিন্তু দলে ফেরা নয়, উল্টো খেলোয়াড়ি জীবনেরই ইতি টানার ঘোষণা দিলেন পন্টিং।আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন গত ডিসেম্বরেই। এবার সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলার পালা। আগামী অক্টোবরে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টই হবে খেলোয়াড় পন্টিংয়ের শেষ টুর্নামেন্ট। আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এই টুর্নামেন্ট খেলেই ব্যাট-প্যাট-গ্লাভস তুলে রেখে পন্টিং হয়ে যাবেন পুরোদস্তুর সাবেক। ‘এই মুহূর্তে আমার শরীর এবং মন দুটোই দারুণ। আমি জানি, জীবনের আরেক অধ্যায় শুরু করার আগে শেষ কয়েকটা মাস আমি সত্যিই উপভোগ করব’—গত পরশু বিদায়ের আগাম ঘোষণা দিয়ে বলেছেন টেস্ট-ওয়ানডে দুটোতেই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।যা শুনে ক্লার্ক মেতে উঠলেন সাবেক সতীর্থের বন্দনায়, ‘কোনো সন্দেহই নেই, সে বিস্ময়কর খেলোয়াড়। ক্রিকেট খেলাটির জন্য সে অনেক করেছে।’ তবে পন্টিংয়ের আবার জাতীয় দলে ফেরার প্রশ্নে ক্লার্ক হাঁটলেন দূরত্ব রেখেই, ‘সে অস্ট্রেলিয়া ক্রিকেট দল থেকে অবসর নিয়েছে। এখানে আমরা নতুন একটা দল পেয়েছি এবং এই সিরিজ (অ্যাশেজ) নিয়ে আমরা তাকিয়ে আছি সামনের দিকেই।’ এএফপি।