আর খেপ খেলতে হবে না মতিনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিন মিয়া
মতিন মিয়া

সিলেটে খেপ খেলাটাই ছিল মতিন মিয়ার রুটি-রুজি। সেই খেপের মজা পেয়ে ঢাকায় খেলার প্রস্তাব পেয়েও আসছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত এসেছেন এবং গত বছর চ্যাম্পিয়নশিপ লিগে সেরা খেলোয়াড় হয়েছেন। সাইফ স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে ওই লিগে তাঁর গোল ছিল সর্বোচ্চ আটটি। মতিন এবার প্রিমিয়ারে নবাগত সাইফের জার্সি গায়েই প্রথমবার পেশাদার ফুটবল লিগে খেলবেন।
ফুটবলারদের দলবদলে কাল সাইফের অন্য খেলোয়াড়দের সঙ্গে বাফুফে ভবনে আসেন মতিন। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ছিল বেশ কৌতূহল। কারণ, উঠতি বয়সে কিছুদিন রংমিস্ত্রির কাজ করেছেন এই মতিন, সেই জীবন ছেড়ে পেশাদার ফুটবলার হওয়ার আগেই তিনি আলোচনার কেন্দ্রে।
বাফুফে ভবন চত্বরে দাঁড়িয়ে বদলে যাওয়া জীবন নিয়ে পেছনে তাকান মতিন, ‘সিলেটের খেলোয়াড় ইয়ামিন মুন্না ভাই আমাকে ঢাকায় নিয়ে আসেন। এখানে অফিশিয়ালদের সঙ্গে কথা বলে ভালো লাগায় সিলেটে খেপ খেলার জীবনে আর ফিরে যাইনি।’
সেই জীবনে আর ফিরে যাওয়ার ইচ্ছাও নেই মতিনের, ‘ঢাকায় খেলেও মজা লেগেছে আমার, তাই মনে হয় না খেপ খেলার জীবনে ফিরে যাব।’ কিন্তু অনেকে তাঁকে ‘খেপ মাস্টার’ বলেন। সিলেটের আশপাশে খেপ খেলে নাকি ম্যাচপ্রতি ১০-১২ হাজার টাকাও পেতেন। নিজেই বলেন, ‘খেপ খেলে বছরে ৮-৯ লাখ টাকা পেতাম।’ সাইফ তাঁকে এবার ১৫ লাখ টাকা দিচ্ছে। তাই ‘কষ্ট’ করে ঘুরে ঘুরে আর খেপ খেলতে চান না।
সাইফের হয়ে কদিন আগে কলকাতার অনুশীলন ম্যাচে নাকি ইস্টবেঙ্গল কর্মকর্তাদেরও দৃষ্টি কাড়েন মতিন। ইস্টবেঙ্গল মতিনকে নিতে চায়, এমনটাই বলছেন সাইফের কর্মকর্তারা। কিন্তু সাইফের সঙ্গে চুক্তি করে ফেলায় এবার তা হয়নি বলছেন সাইফের কর্তাব্যক্তিরা। অবশ্য আগামী বছর ইস্টবেঙ্গল চাইলে সাইফ আপত্তি করবে না। তবে ইস্টবেঙ্গল চাইবে কি না সেটাই প্রশ্ন। কারণ বাংলাদেশের এক উদীয়মান ফুটবলারকে কিছুদিন পর তারা ভুলে যাবে না, সেই নিশ্চয়তা নেই।
তবে সামনে যা-ই হোক, খেলার কারণে জীবনের বড় একটা পরীক্ষাই দেওয়া হয়নি (এসএসসি) মতিনের। পরীক্ষা দেওয়ার আর ইচ্ছা নেই তাঁর। এখন শুধুই ফুটবল খেলতে চান সিলেটের কাঁচপুরের ২০ বছর বয়সী এই তরুণ।