আর চুপ থাকবেন না বিলার্দো
ভরা হাটে হাঁড়ি ভাঙলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর বললেন—হুলিও গ্রন্দোনা তাঁর সঙ্গে মিথ্যাচার করেছেন, আর সাবেক ‘গুরু’ কার্লোস বিলার্দো করেছেন প্রতারণা! কিন্তু ভাঙা হাঁড়ি থেকে যা বেরিয়ে এল সেটিকে ফাঁপা আর অন্তঃসারশূন্য বললেন গ্রন্দোনা ও বিলার্দো। তাঁদের দাবি, সবকিছুই ম্যারাডোনার অতি-আবেগের বহিঃপ্রকাশ।গত সোমবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি গ্রন্দোনার সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন ম্যারাডোনা। সেই বৈঠকের পরই জানা গেছে ম্যারাডোনার সঙ্গে চুক্তি নবায়ন করেনি এএফএ। এর পর ম্যারাডোনা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রন্দোনা ও বিলার্দোকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। ‘গ্রন্দোনা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন, বিলার্দো প্রতারণা করেছেন’—ম্যারাডোনার লিখিত বক্তব্যের ভাষাটা ছিল এ রকমই। গ্রন্দোনা-বিলার্দো দুজনই এই বক্তব্যের প্রতিবাদ করেছেন। ‘সে চলে গেছে এতে আমি দুঃখিত। কিন্তু আমি ম্যারাডোনাকে কোনো মিথ্যা কথা বলিনি’—বলেছেন গ্রন্দোনা। আর আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া কোচ বিলার্দো রেডিও লা রেডকে বলেছেন, ম্যারাডোনা চলে গেছেন বলে তিনিও দুঃখিত। তবে ‘৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, সেটা ঠিক নয়। গ্রন্দোনা কীভাবে মিথ্যাচার করেছেন আর বিলার্দোর প্রতারণাই বা কেমন ছিল সেটির ব্যাখ্যাও দিয়েছেন ম্যারাডোনা। ‘বিশ্বকাপ থেকে আমরা ছিটকে যাওয়ার পর গ্রন্দোনা ড্রেসিংরুমে এসে খেলোয়াড় এবং বাকি যারা ছিল সবাইকে সাক্ষী রেখে বলেছিলেন তিনি আমার কাজে খুবই খুশি। তিনি চান, আমি যেন দায়িত্বটা চালিয়ে যাই। বিলার্দোও তাই বলেছিলেন।’গ্রন্দোনা বা বিলার্দো, দুজনের কেউ কথাটা অস্বীকার করছেন না। গ্রন্দোনা ম্যারাডোনার সঙ্গে চুক্তি নবায়ন না করার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আমরা ম্যারাডোনাকে কোচ রাখতেই চেয়েছি। কিন্তু কোচিং স্টাফে কিছু পরিবর্তন আনার কথা বলেছি। কারণ এএফএ তো খেলনা কিছু নয়, আপনি আপনার বন্ধুদের এখানে চাকরি করতে নেমন্তন্ন করতে পারেন না! কিন্তু সে এটা মানেনি।’ এ ব্যাপারে ম্যারাডোনার কথা হচ্ছে, ‘তাঁর দাবি, আমার সাতজন টেকনিক্যাল স্টাফকে পাল্টাতে হবে। এ কথা বলার মানেই তো তিনি চান না আমি কাজটা চালিয়ে যাই।’বিলার্দো ব্যাখা-ট্যাখ্যা কিছু দেননি, সাবেক শিষ্যের আচরণে ভীষণ ক্ষুব্ধ তিনি, ‘আমি কোনো কথাই বলিনি এত দিন। দল এবং খেলোয়াড়দের ভালোর জন্যই বলিনি। কোনো সমস্যা তৈরি করতে চাইনি। কিন্তু অনেক সহ্য করেছি। নিজেকে আর অপমানিত হতে দিতে পারি না। এ নিয়ে আমাকে এবার কথা বলতেই হবে।’ বিলার্দো বিশদ বলবেন নাকি সপ্তাহখানেক পর, ম্যারাডোনার মতোই সংবাদ সম্মেলন আয়োজন করে। তবে এর আগে যেটা বললেন তাতে ম্যারাডোনার বন্ধুপ্রীতির দিকেই আঙুল উঠেছে তাঁর, ‘আপনি তো ডেকে ডেকে আপনার বন্ধুদের চাকরি দিতে পারেন না!’ সবার শেষে বিলার্দো ম্যারাডোনাকে তাঁর সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন, ‘আমি একজন বিশ্ব চ্যাম্পিয়ন এবং রানারআপ। আমি ম্যারাডোনার ওপর নির্ভরশীল ছিলাম না। সে ছিল আমার ওপর নির্ভরশীল। সে তো ’৮৪ বা ’৮৫ সালে কিছু করতে পারেনি।’ এএফপি, ওয়েবসাইট।