আর ছয় উইকেট চাই বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে দুই ইনিংসেই অর্ধশতকের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। এবার বল হাতেও জিম্বাবুয়ে শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন এই অলরাউন্ডার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ৬৬ রান সংগ্রহ করতেই প্রথম দুইটি উইকেট হারায় স্বাগতিকরা। এরপর জিম্বাবুয়ে শিবিরে জোর আঘাত হেনেছেন অভিষিক্ত জিয়াউর রহমান। খুব অল্প সময়ের ব্যবধানেই বিপদজনক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও ম্যালকম ওয়ালারের উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি বোলার। আজ চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য এখনো ২৬৩ রান প্রয়োজন জিম্বাবুয়ের। অন্যদিকে বাংলাদেশের চাই আর ছয় উইকেট। দিনশেষে ৪৬ রান করে অপরাজিত আছেন হ্যামিল্টন মাসাকাদজা।জয়ের জন্য ৪০১ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ধীরস্থীরভাবে শুরু করেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ভুসি সিবান্দা ও রেগিস চাকাভা। ইনিংসের দশম ওভারে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাতটি হানেন সাকিব আল হাসান। ২২ রান করে ফিরে যান চাকাভা। পাঁচ ওভার পরে আরেক ওপেনার সিবান্দার উইকেটটাও তুলে নেন এই বামহাতি অফস্পিনার। ৩২ রান করে সাজঘরের পথ ধরেন সিবান্দা। তৃতীয় উইকেটে ৩০ রানের ধৈর্য্যশীল জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর ও হ্যামিল্টন মাসাকাদজা। এই জুটি খুব বেশি বিপদজনক হয়ে ওঠার আগেই টেলরকে সাজঘরমুখী করেছেন জিয়াউর রহমান। ১০ রান করে ফিরে গেছেন টেলর। এর আগে আজ চতুর্থ দিনে ৯ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। জয়ের জন্য ৪০১ রানের লক্ষ্য নিয়ে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে জিম্বাবুয়ে।