আর বিদেশি নয় বাস্কেটবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল, ক্রিকেট, হকির মতো প্রিমিয়ার বাস্কেটবল লিগেও বিদেশি খেলোয়াড় আনার নিয়ম ছিল এত দিন। কিন্তু এবার বিদেশি কোটা বন্ধ করে দিয়েছে বাস্কেটবল ফেডারেশন।
কিন্তু কেন? ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশিদের নিরাপত্তা দেওয়া বড় সমস্যা এখন। তাই ফেডারেশন চায় না লিগে আর বিদেশি খেলোয়াড় নিয়ে আসুক দলগুলো। লিগের ১০টি ক্লাব এতে সায় দিয়েছে।
১৯৭৪ সালে শুরু প্রথম বিভাগ বাস্কেটবল লিগের। ২০১১ সালে শুরু প্রিমিয়ার লিগ। তবে এটি নিয়মিত নয়। এবার লিগ হচ্ছে চার বছর পর। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে পরশু শুরু হয়েছে প্রিমিয়ার লিগ। এই লিগে খেলেছেন যুক্তরাষ্ট্র, আইভরিকোস্ট, ভারত, সুইজারল্যান্ড, জাম্বিয়া, পুয়ের্তোরিকোর খেলোয়াড়েরা। তাই লিগটা হতো জমজমাট। ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বলেছেন, ‘ক্লাবগুলো সমর্থন দিয়েছে বলেই এমন একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। তা ছাড়া বিদেশি খেলোয়াড় আনলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পড়ত ক্লাবগুলোর। এই ঝুঁকি তারা নিতে চায়নি।’
প্রিমিয়ার লিগে সর্বশেষ চ্যাম্পিয়ন দ্য গ্রেগারিয়াসের অধিনায়ক রাশেদুজ্জামান এমন সিদ্ধান্তে খুশি, ‘স্থানীয় খেলোয়াড়দের জন্য এটা একটা বড় সুযোগ। বিদেশি খেলোয়াড় বেশি আনে গ্রেগারিয়াস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স। অনেকে তখন বেঞ্চে বসে থাকে। এবার সবাই খেলার সুযোগ পাচ্ছে।’
ধূমকেতু ও গ্ল্যাডিয়েটর্সের জয়
কাল ধূমকেতু ক্লাব ৬২-৩২ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স ৯৬-৫১ পয়েন্টে ইগলসকে হারিয়েছে।