আর মাত্র দুটি সিঁড়ি
আর মাত্র দুটি পাক কিংবা মোড়ক। তার পরই সব রহস্যের অবগুণ্ঠন খুলে ফেলবে বিশ্বকাপ। এত দিনের সব রহস্য উন্মোচিত হতে হতে, সব কটি মোড়ক খুলতে খুলতে বিশ্বকাপ উপস্থিত শেষ দুটি সিঁড়ির গোড়ায়। কেপটাউনের গ্রিন পয়েন্ট আর ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামে আগামীকাল ও পরশু শেষ চারের লড়াই। তার তিন দিন পরই জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে দুই সেমিফাইনাল-জয়ীর লড়াই নতুন কোনো চ্যাম্পিয়নকে মুকুট পরাবে মাথায়।‘নতুন চ্যাম্পিয়ন’ শব্দযুগল ব্যবহার করা ঠিক হয়নি। কেপটাউনের গ্রিন পয়েন্ট যেমন নতুন কোনো দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে উদ্বেল, সারা বিশ্বের অনেকগুলো প্রান্তই হয়তো তা-ই। অধরা শিরোপাটা হল্যান্ড কিংবা স্পেনের হাতে উঠুক—এমন প্রার্থনাই হয়তো করছেন অনেকে। কিন্তু ভুলে যাবেন না, সেমিফাইনালে আরও দুটি দল আছে যারা নিজেদের মধ্যে এর আগে ভাগ করে নিয়েছে পাঁচটি শিরোপা। তিনবারের বিজয়ী জার্মানি চতুর্থ শিরোপার জন্য পরশু ডারবানের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেনের। দুবারের বিজয়ী উরুগুয়ে তৃতীয় শিরোপার জন্য আগামীকাল কেপটাউনের সেমিফাইনালে দাঁড়াবে হল্যান্ডের সামনে।এই দুই লড়াইয়ে হল্যান্ড বা স্পেনের পা হড়কালেই কিন্তু বিশ্বকাপ আর নতুনের আবাহনগীতি গাইবে না। তখন সেটি একেবারেই প্রাচীন পন্থী। উরুগুয়ের মাথায় মুকুট উঠলে তা হবে বিলুপ্তপ্রায় প্রজাতির অলৌকিকভাবে ধরণির বুকে ফিরে আসা। ভেবে দেখুন, সেই ১৯৫০ সালে ব্রাজিলের মাঠে গিয়ে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল প্রথম বিশ্বকাপের আয়োজক ও শিরোপাজয়ীরা। তার দীর্ঘ ৬০ বছর পর আবার তারা শিরোপার কাছাকাছি। যার গোলে উরুগুয়ে ব্রাজিলকে হারিয়ে জিতেছিল ১৯৫০-এর বিশ্বকাপ, সেই অ্যালসিডেস ঘিগিয়া এখনো বেঁচে আছেন। তিনিই একমাত্র জীবিত সদস্য ওই বিজয়ী দলের। ‘বুড়ো’টা আরেকটি জয় দেখবেন বলেই বেঁচে আছেন? হতে পারে। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, যার কোনো ব্যাখ্যা নেই।টুর্নামেন্ট শুরুর আগে আপনি যদি বলতেন, আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনালেও যেতে পারবে না, বাংলাদেশের মানুষ অন্তত আপনার জন্য শূলের ব্যবস্থা করত। কিন্তু হায়, শেষ পর্যন্ত তো তা-ই হলো! দুই লাতিন আমেরিকান দানব গলাগলি ধরে বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। অতল খাদে পড়ল তারা কোয়ার্টার ফাইনালেই। ঠিক গত বিশ্বকাপের মতো। না, এবার একটু ব্যতিক্রম। আগে গেল পেন্টাজয়ী ব্রাজিল। এক দিন পর গেল মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনা। গতবার তাদের বিদায় হয়েছিল ঠিক উল্টো অনুক্রমে।যেখানে কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়াম, সেখানে কয়েকজন প্রবাসী বাংলাদেশির দোকান আছে। ওই দোকানিরা ভেবেছিলেন, এখানে ব্রাজিল সেমিফাইনাল খেলতে আসবে, বিক্রিবাট্টা কিছু বাড়বে। কিসের কী? একজন বিদেশিও উঁকি মারছে না। ব্রাজিলের বিদায়ের পর তাঁরা আশায় ছিলেন, আর্জেন্টিনা শেষ আটে জিতলে বেশি সংখ্যায় আসা আর্জেন্টাইনরা হইহুল্লোড় করবে অন্তত আরেকটি দিন। তাও হলো না।কিছু আর্জেন্টাইন, যারা রাতেই শহরে যেতে পারেনি, তারা তো গ্রোসারি (মুদি দোকান) শপের ধারেকাছেই নেই। সি-পয়েন্টের বারগুলোতে বসে মনের দুঃখে দেবদাসের মতো মদ গিলছে। কয়েকজনকে দেখা গেল সমুদ্রতীরে। গায়ে আর ‘আর্জেন্টিনা’ নেই, সাধারণ পোশাক। অপরূপ আটলান্টিকের ঢেউ গুনছে। কেউ পেছন ফিরে পাহাড়ের দিকে তাকিয়ে, এই পাহাড়ের চূড়াটা কেন একটা টেবিলের মতো সমান হলো, সেই রহস্য সন্ধানে মগ্ন। মনের ক্ষতে খোঁচা দেওয়ার কোনো মানে হয় না। এদের একজন নিকোলাস পেদ্রোকে তাই জিজ্ঞেস করা হলো কৌশলে, ‘আর্জেন্টিনা দলকে নিয়ে এখন কী ভাবছেন?’ পেদ্রোর উত্তর, ‘আপাতত ভাবছি, রিটার্ন টিকিটের তারিখটা কীভাবে এগিয়ে আনা যায়।’জয়ের পাশে পরাজয়। আনন্দের পাশে বেদনা। এসবই পৃথিবীর সবচেয়ে সত্য বিষয়। আর্জেন্টাইন-সমর্থকদের বেদনায় ডুবিয়ে দিয়ে জার্মান-সমর্থকেরা এখন কেপটাউনে আনন্দ করে বেড়াচ্ছে। গাড়ির বহর ছুটে চলেছে কেপ পয়েন্টের দিকে, যেখানে ভারত ও আটলান্টিক মহাসাগর মিলেছে এক বিন্দুতে, যাকে বলা হয় ‘কেপ অব গুড হোপ’। আমাদের ছোটবেলায় পড়া উত্তমাশা অন্তরীপ। জার্মানির মনে এখন উত্তম আশাই দোলা দিচ্ছে। ২০ বছর আগে তৃতীয় শিরোপাজয়ী জার্মানিকে চতুর্থ শিরোপার খুব কাছে মনে হচ্ছে। সাধারণ সমর্থক থেকে শুরু করে সাংবাদিকেরা পর্যন্ত জার্মানিকেই বড় আসনটা দিচ্ছেন। তাঁদের যুক্তি ফেলনা নয়। যারা তিনটি ম্যাচে চার গোল করে জেতে, যার দুটি আবার নকআউট পর্বে এবং ইংল্যান্ড-আর্জেন্টিনার মতো অতিকায় দলের বিপক্ষে, তাদের আপনি সেরা দলই তো বলবেন।তবে স্পেন ও হল্যান্ডের পক্ষেও বাজি-ধরাধরি চলছে। তাবৎ সৌন্দর্যপিয়াসী দল স্পেনের মাথায় মুকুট দেখতে চাইছে। আনন্দদায়ী ফুটবল যেহেতু বিলুপ্ত হতে চলেছে, আর এ অবস্থায় যাদের পায়ে শিল্পের শেষ তুলির আঁচড়টা আছে, তাদের বিজয়ী দেখতে চাওয়ায় ভুল কিছু নেই।তাহলে নেদারল্যান্ড কী দোষ করল! ক্রুইফ নেসকিন্সের টোটাল ফুটবল এই ডাচ দলের মধ্যে খুঁজতে যাবেন না। তবে আপনি কি চান না, যারা ১৯৭৪ ও ১৯৭৮ সালে নতুন এক ফুটবলের আনন্দে ডুবিয়ে দিয়েছিল বিশ্বকে, তাদের শাপমুক্তি ঘটুক!উরুগুয়েও তো হতে পারে চ্যাম্পিয়ন। এই বিশ্বকাপকে নিয়ে কোনো বিশ্বাস নেই। আর্জেন্টিনার পরাজয়ের পর আর্জেন্টিনার সাংবাদিক নিকোলোস সখেদে বলছিলেন, ‘এখন উরুগুয়ে-প্যারাগুয়ের ফাইনাল নিয়েই মনে হয় লিখতে হবে।’ সেই সম্ভাবনা আর নেই। দ্বিতীয় রাউন্ডে ওঠা পাঁচ লাতিন আমেরিকান দলের একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে রয়েছে উরুগুয়ে। নিজেদের মহাদেশ ছাড়া ইউরোপের কেউ চ্যাম্পিয়ন হতে পারে না—এই মিথ ভেঙে দেওয়ার সময়ই কি এসে গেছে জার্মানি, স্পেন বা হল্যান্ডের? সেটি জানা যাবে ১১ জুলাই সকার সিটি স্টেডিয়ামে। তার আগে চোখ রাখা যাক আগামীকাল ও পরশুর সেমিফাইনালে।