আর মাত্র ২ উইকেট দরকার মুরালির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটা স্বপ্নের মতোই হতে যাচ্ছে মুরালির। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১ উইকেট নিয়ে ৮০০ উইকেটের মাইলফলক থেকে আর মাত্র ২ উইকেট দূরে শ্রীলঙ্কার এই স্পিন জাদুকর।টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী মুরালি। ৭৯২ উইকেট নিয়ে যখন অবসরের ঘোষণা দিলেন, তখন শেষ টেস্টে ৮ উইকেট নিয়ে ৮০০ উইকেটের অনন্য রেকর্ড গড়ার হাতছানি মুরালির সামনে। ৮ উইকেট নেওয়াটা তেমন কোনো কঠিন কাজও না তাঁর জন্য। কিন্তু বৃষ্টির কারণে কপালে চিন্তার ছাপ পড়েছিল মুরালি-ভক্তদের। প্রথম দিনে ২২ ওভার খেলা হয়নি। দ্বিতীয় দিনে তো খেলাই গড়াল না মাঠে। তৃতীয় দিনে স্বপ্নপূরণের পথে একধাপ এগোলেন মুরালি। শচীন টেন্ডুলকারকে আউট করে পেলেন ৭৯৩ উইকেট। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৪০ রান। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে মুরালি মাত্র এক ইনিংসই বল করার সুযোগ পাবেন। ভারত ফলোঅনে না পড়লে ৮০০ উইকেটের রেকর্ডটা অধরাই থেকে যেত মুরালির। কিন্তু আজ টেস্টের চতুর্থ দিনে মুরালি আবির্ভূত হলেন স্বমূর্তিতে। মুরালির ঘূর্ণির ফাঁদে পড়ে একে একে ফিরে যান যুবরাজ, ধোনি, প্রজ্ঞান ওঝা ও মিথুন। ২৭৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৮১। খেলার শেষ বলে যুবরাজকে ফিরিয়ে দিয়ে মুরালি পেয়েছেন ৭৯৮তম উইকেট। এখন ৮০০ উইকেটের মাইলফলক গড়তে মাত্র ২ উইকেট দরকার মুরালির।