আর মাত্র ৯৯ দিন!
কেপটাউনের আকাশ কাঁপিয়ে হঠাত্ আগমন হেলিকপ্টারের। করতালি আর উল্লাসধ্বনিতে স্বাগত জানানো হলো সেটিকে। না, কোনো ভিআইপি অতিথি আসেননি। আবার এসেছেও। বিশাল এক পতাকা। গাঢ় নীল সেই পতাকায় বড় করে লেখা: ‘আর ১০০ দিন বাকি।’ কীসের? এখনো জানেন না! বিশ্বকাপের!শুধু কেপটাউন নয়, পুরো দক্ষিণ আফ্রিকা কাল সাড়ম্বরে পালন করল বিশ্বকাপের ১০০ দিনের অপেক্ষার প্রহর। অলক্ষ্যে থেকে পুরো বিশ্বই শামিল হলো সেই অনুষ্ঠানে। অপেক্ষাটা যে সবার!কেপটাউনের মেয়র ড্যান প্লাটোও অন্য রকম ব্যস্ত একটা দিন কাটালেন। অপেক্ষার ১০০ দিন লেখা রং বাহারি কেক কেটেছেন। অভিনব কায়দায় উদ্বোধন করেছেন অনুষ্ঠানের। দূর পাহাড়ে দাঁড়িয়ে কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামের দিকে তাক করে বলে দিয়েছেন কিক। সেই বল স্টেডিয়ামে এসে পড়ার কোনো কারণই নেই। তবে সিগন্যাল হিল থেকে এই সংকেত ছড়িয়ে গেল, বিশ্বকাপ চলে এসেছে দুয়ারে।দক্ষিণ আফ্রিকানরাও যে যাঁর মতো নেচে-গেয়ে উদ্যাপন করেছেন দিনটি। স্কুলের খুদে শিক্ষার্থীরা ‘ডিস্কি’ নেচেছে, যে নাচ শুধু ফুটবলের জন্য। ফিফার সব ব্যস্ততা অবশ্য ছিল অন্য শহরে, ডারবানে। এখানেই সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, মহাসচিব জেরম ভালক। বিশ্বকাপের সফল আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করে কিছুদিন ধরে চলা লেখালেখির সমালোচনাও করলেন ব্ল্যাটার, ‘খুব বেশি হতাশা ছিল না, কিন্তু সব সময়ই একটা ছোঁক ছোঁক সন্দেহ ছিল। সংশয় থাকাটা খারাপ, কারণ সংশয় থাকলে আস্থা থাকে না। আমাকে, ফিফাকে এটা প্রায়ই বিরক্ত করে।’সব সংশয় মুছে বিশ্বকাপকে স্বাগত জানানোর জন্য আহ্বান জানিয়েছেন ব্ল্যাটার, ‘কোনো সংশয় নেই। একদমই নেই। এবার তবে শুরু হোক। বিশ্বকাপটা হতে দিন। এরপর জুলাইয়ে আমরা আলোচনা করব কেমন হলো।’বিশ্বকাপের আয়োজন নিয়ে ওঠা সংশয়ের মূলে ছিল ভালকের একটা মন্তব্য, ‘দক্ষিণ আফ্রিকা এখনো পুরোপুরি তৈরি নয়।’ ভালক এদিন ব্যাখ্যা করলেন, আসলে কী বোঝাতে চেয়েছিলেন। এখনকার আয়োজনকে দশের মধ্যে আট নম্বর দেবেন জানিয়ে মহাসচিব বললেন, ‘১১ জুনের মধ্যেই সেটা দশে দশ হয়ে যাবে। যদি প্রস্তুতির কথা জানতে চান, দক্ষিণ আফ্রিকা পুরোপুরি প্রস্তুত।’ প্রস্তুতি আপনিও নিতে থাকুন। আপাতত ক্ষণ গণনা দিয়েই শুরু হোক এই প্রস্তুতি। বলুন: নিরানব্বই...! এএফপি।