আর ৪৩ হলেই টেন্ডুলকারের ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলারদের দুর্দান্ত বোলিং, বীরেন্দর শেবাগের আরেকটি শেবাগীয় সূচনা, সেরা ফর্মে ফেরার পথে গৌতম গম্ভীরের আরেক ধাপ এগিয়ে যাওয়া আর দ্রাবিড়-টেন্ডুলকারের সাবধানী ব্যাটিংয়ে দুই দিন পেরোতেই নাগপুরে জয় হাতছানি দিচ্ছে ভারতকে। দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে ৯৯ রানে, হাতে ৮ উইকেট।ভারতের জন্য একটা আনন্দের উপলক্ষ অবশ্য আসতে পারে আজই। সিরিজের শুরু থেকেই শচীন টেন্ডুলকারের ৫০তম সেঞ্চুরির অপেক্ষায় গোটা ভারত। কিন্তু আগের দুই টেস্টে লিটল মাস্টারের সর্বোচ্চ রান ছিল ৪০! আন্তর্জাতিক ক্রিকেটে বহু প্রতীক্ষিত প্রথম সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হয়ে যেতে পারে আজই, সেজন্য প্রয়োজন আর মাত্র ৪৩ রান। দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিয়েছে হয়তো ইনিংসের শুরুটাই। আগের দিন প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ২ উইকেটে ১৮, কাল ভারতের বিনা উইকেটে ৫৬। আটটি চার ও ভেট্টোরিকে লং অন দিয়ে মারা ছয়ে শেবাগ ফিফটি ছুঁয়েছেন ৫০ বলে। আগের ম্যাচে ১০ মাস পর টেস্ট ফিফটির দেখা পাওয়া গম্ভীর কাল ছিলেন অনেক আত্মবিশ্বাসী, অফসাইডে খেলেছেন কয়েকটি চোখ ধাঁধানো ড্রাইভ। এই দুজনের কাছ থেকে ভারত কাল পেয়েছে নবম শতরানের জুটি। জুটির গড় কাল ছুঁয়েছে ৬০!এই জুটির বিদায়ের পর রানের গতি কমেছে, কিন্তু অভিজ্ঞ দুই সেনানীর কল্যাণে নিয়ন্ত্রণ থেকে গেছে ভারতের হাতেই। সময় নিয়ে উইকেটে থিতু হয়েছেন, আলগা বল পেয়ে পাঠিয়েছেন বাউন্ডারিতে। দিন শেষ করেছেন নিজেদের শতরানের জুটির রেকর্ডটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে।৭ উইকেটে ১৪৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড দুই শর জন্য তাকিয়ে ছিল ম্যাককালামের দিকে। কিন্তু সাতসকালেই ম্যাককালামসহ দুটি উইকেট ঝটপট নিয়ে নেন ইশান্ত শর্মা। টিম সাউদির তিন ছক্কাই নিউজিল্যান্ডকে নিয়ে গেছে দুই শর কাছাকাছি। তথ্যসূত্র: ওয়েবসাইট।