আরও অনিশ্চিত এসএ গেমস
এমনিতেই ১২তম দক্ষিণ এশিয়ান গেমস আয়োজন নিয়ে গড়িমসি করছিল ভারত। ২০১০ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় সর্বশেষ গেমস হওয়ার পরই পরবর্তী গেমসের আয়োজক হিসেবে ঘোষিত হয় ভারতের নাম। দুই বছর পর পর গেমস হওয়ার নিয়ম। সেই হিসাবে এসএ গেমসটা এ বছরই হওয়ার কথা।ভারত এত দিন বলে আসছিল, তাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে ঝামেলা আছে। নির্বাচনটা শেষ হলে নতুন কমিটি আসবে এবং সেই কমিটিই ঠিক করবে গেমসের সময়সূচি।কিন্তু এই নির্বাচন নিয়ে উল্টো ফাপরে পড়েছে ভারত। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে ভারতকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। নিষেধাজ্ঞা কবে উঠবে তা সময়ই বলবে। তবে আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এসএ গেমসটা আরও অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়ল। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিওএর সিইও কর্নেল (অব.) ওয়ালি উল্লাহ বলেছেন, ‘ভারত আপাতত কোনো অলিম্পিক ইভেন্ট আয়োজন দূরের কথা, অংশও নিতে পারবে না। সেই হিসেবে এসএ গেমসটা অনিশ্চিত। ভারত এখন আইওসির সঙ্গে দেনদরবার করে কত দ্রুত নিষেধাজ্ঞা তুলতে পারে, তার ওপরই নির্ভর করছে সবকিছু।’বিদায়ী মহাসচিবের অভিনন্দন: বিওএর নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদায়ী মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। তাঁর আশা, নতুন কমিটির নেতৃত্বে বিওএ আরও এগিয়ে যাবে।