আরও অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফিদে মাস্টার সাত বছর ধরে, আরেকজন দুই বছর। আবু সুফিয়ান ও মিনহাজউদ্দিনের সামনে কাল সুযোগ ছিল আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় তৃতীয় নর্ম পাওয়ার। কিন্তু দুজনই একই পথের যাত্রী। নর্ম পেলেন না, আবার অপেক্ষার প্রহর গোনা।সিক্স সিজনস আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা দিয়েছিল নর্ম করার ওই সুযোগ। কাল শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বিপক্ষে জয় দরকার ছিল সুফিয়ানের। কিন্তু সুফিয়ান ড্র করতে পেরেছেন। ভারতের আন্তর্জাতিক মাস্টার শাহাজ গ্রোভারের কাছে হেরে গেছেন মিনহাজ। তাঁর প্রয়োজন ছিল ড্র।এর আগে জিয়ার সঙ্গে দুবার জিতেছেন সুফিয়ান। এদিন শুরুটা ভালো করলেও চাপের কাছে ভেঙে পড়েছেন। ‘টেনশনের কারণেই ড্র হয়েছে। শেষ দিকে মাথা কাজ করছিল না’—বললেন সুফিয়ান। মিনহাজের কারণটাও এক, ‘টেনশন হচ্ছিল তাই হেরে গেলাম। গ্রোভারের সঙ্গে এর আগে দুবার ড্র করেছি। মনে হচ্ছিল এই ম্যাচ জিতব। ও খুব ভালো খেলিনি। আমিই বরং খারাপ খেলেছি।’নিয়াজ মোরশেদ আয়োজিত টুর্নামেন্টে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জিয়া। নিয়াজ রানারআপ (৫.৫ পয়েন্ট)।