আরও আট বছর খেলবেন ক্যাসিয়াস
১৩ বছর আগে রিয়াল মাদ্রিদের মূল একাদশে জায়গা করে নিয়েছিলেন ইকার ক্যাসিয়াস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দীর্ঘদিন ধরে রিয়ালের গোলবারের বিশ্বস্ত প্রহরী তিনি। রিয়ালে তাঁর চুক্তি আছে আরও পাঁচ বছর, ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু ৩১ বছর বয়সী ক্যাসিয়াসের ইচ্ছা, আরও আট বছর রিয়ালের হয়ে খেলা। সবকিছু ঠিকঠাক থাকলে ৩৯ বছর বয়সে অবসর নেওয়ার ইচ্ছা স্পেনকে ২০১০ সালে বিশ্বকাপ জেতানো এই গোলরক্ষকের।১৯৯৯ সালে অভিষেকের পর এক-দুই করে খেলে ফেলেছেন ৬৩০টি ম্যাচ। জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি স্প্যানিশ লিগ শিরোপা। সম্প্রতি নিজের ভবিষ্যত্ নিয়ে রিয়ালের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদেই নিজের ক্যারিয়ারটা শেষ করতে পারলে আমার একটা স্বপ্ন পূরণ হবে। মাত্র নয় বছর বয়সে আমি এখানে খেলা শুরু করেছিলাম। এখানে আমার সঙ্গে চুক্তি আছে ৩৬ বছর বয়স হওয়া পর্যন্ত, কিন্তু আমি এখানে নিজের ক্যারিয়ারটা শেষ করতে চাই ৩৯ বছর বয়সে।’এত লম্বা সময় খেলে যেতে চাইলে যে দায়িত্বের বোঝা আরও বাড়বে, সে সম্পর্কেও সজাগ আছেন ক্যাসিয়াস। তিনি বলেছেন, ‘সামনের দিনগুলো যে অনেক কঠিন হবে, সে সম্পর্কে আমি সচেতন আছি। যত দিন যাবে, আমার ওপর প্রত্যাশার চাপটা ততই বাড়বে। এটা আমার কাছে একটা বাড়তি দায়িত্ব।’ ইএসপিএন