আরও আরও রেকর্ডের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ইনিংসে দর্শকদের উদ্দেশে চারবার ব্যাট তুলেছেন শচীন টেন্ডুলকার। প্রথম দিনে দুবার, টেস্টে ১৩ হাজার রান ছোঁয়ার পর আর ফিফটির পর। কাল সেঞ্চুরির পর আর হার না মানা ইনিংস খেলে মাঠ ছাড়ার সময়। কিন্তু চাইলে ব্যাট তুলতে পারতেন আরও একবার, মাঠে নামার সময়!বিস্মিত হচ্ছেন, তাহলে শুনুন এই ইনিংসে ব্যাটিং করতে নেমেই ইতিহাসের পাতায় আরও একটি অধ্যায় সংযোজন করে ফেলেছেন লিটল মাস্টার, গড়েছেন টেস্টে সবচেয়ে বেশি ইনিংস খেলার রেকর্ড। সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড থেকে এখনো ৫ টেস্ট দূরে, কিন্তু টেস্টে সবচেয়ে বেশিবার ব্যাটিং করা ক্রিকেটারটির নামও এখন শচীন টেন্ডুলকার। এই নিয়ে ২৬৬ বার ব্যাটিং করতে নামলেন টেন্ডুলকার, পেছনে পড়ে গেলেন অ্যালান বোর্ডার (২৬৫ ইনিংস)।তবে এই রেকর্ডের চেয়ে নিশ্চিতভাবেই তাঁকে বেশি আনন্দ দিয়েছে সেঞ্চুরিটি। আগের দিন ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি, ৭৬ রান ১৪০ বলে, চার মাত্র ছয়টি। কাল মাঠে নামার পর থেকেই যেন এক ধরনের তাড়া দেখা গেল টেন্ডুলকারের মধ্যে, রান করার তাড়া। সেঞ্চুরি করতে প্রয়োজন আর ২৪টা রান, সঙ্গী শেষ দুই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৮ বার তিন অঙ্কের দেখা পেয়েছেন, কিন্তু তারপরও একটা সেঞ্চুরির জন্য কতই না ব্যগ্র। তার মানে এই না যে নিজের সেঞ্চুরিটাই শুধু মাথায় ছিল তাঁর। এটা তো আর বলে বোঝাতে হবে না, যে নিজের রান করা মানে দলের রানও বাড়া। এই রানটাই যে সবচেয়ে বেশি দরকার ছিল ভারতের। কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পেয়েও গেলেন দিনের মাত্র পঞ্চম ওভারেই। বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে চতুর্থ সেঞ্চুরি, আর গড়টা শুনবেন? বাংলাদেশের বিপক্ষে গড় এখন ১৬৫.২৫!কম তো আর হলো না, টেস্ট ক্রিকেটে ৪৪তম সেঞ্চুরি। এর চেয়ে বড় ইনিংসও তো কত খেলেছেন, ধ্বংস করে দিয়েছেন এর চেয়ে কত কত শক্তিশালী বোলিং আক্রমণকেও। তারপরও এই ইনিংসটা অন্যরকম একটা সন্তুষ্টি দিতেই পারে টেন্ডুলকারকে। প্রতিপক্ষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আপাত ঠান্ডা পরিস্থিতিকে গরম করে দিয়েছেন শেবাগ। সেই দলের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই সাজঘরের দিকে মিছিল ধরেছেন ব্যাটসম্যানরা, মানসম্মান নিয়েই টানাটানি অবস্থা। কিন্তু যে ব্যাট অনেকবার বাঁচিয়েছে দলের মানসম্মান, আবারও চওড়া হয়ে গেল সেই ব্যাট। এমন না যে খুব বড় কোনো রানে পৌঁছে দিতে পেরেছেন দলকে। তবে চূড়ান্ত বিব্রতকর অবস্থা থেকে তো বাঁচিয়েছেন! তা ছাড়া দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সঙ্গী পেলেন কোথায়, সবাই যে রণে ভঙ্গ দিয়ে ড্রেসিংরুমের নিরাপদ আশ্রয়ে!এই ইনিংসটা একটা জিনিস আরও একবার প্রমাণ করল, ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে যতই বড় বড় কথা হোক, যতই শেবাগ-গম্ভীররা থাকুক, আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশক কাটানোর পরও দলের সবচেয়ে বড় আশ্রয়ের জায়গাটা এখনো ওই একই—‘শচীন রমেশ টেন্ডুলকার!’