আরও উঁচুতে ওঠার স্বপ্ন শেখ রাসেলের
তিন মাস আগের দৃশ্যই যেন দেখা গেল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিআইপি অতিথি কক্ষ চামেলিতে ফুলের মালা আর মিষ্টি নিয়ে অপেক্ষায় বাফুফে কর্মকর্তারা। সেদিন বরণ করা হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। কাল উষ্ণ অভ্যর্থনা পেল শেখ রাসেল ক্রীড়াচক্র।
গণমাধ্যমকর্মীদের উপচে পড়া ভিড় দেখে বিমানবন্দরের কর্মকর্তারাও উঁকিঝুঁকি মারতে শুরু করলেন৷ এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে ওঠা প্রথম বাংলাদেশি ক্লাব সাড়ম্বরেই দেশে ফিরল৷
‘এ’ গ্রুপে অপরাজিত শেখ রাসেল প্রথম ম্যাচে ড্র করে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি ক্লাবের সঙ্গে৷ পরের ম্যাচে শ্রীলঙ্কার বিমানবাহিনীকে ৫ গোলে ভাসিয়ে শেষ ম্যাচে ভুটানের উগেন একাডেমির বিপক্ষে চার গোলের জয়৷ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চূড়ান্ত পর্বে শেখ রাসেল। আগামী ২২-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের ভেন্যু এখনো ঠিক হয়নি৷ এই পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। েযখানে শেখ রাসেলের সঙ্গী শ্রীলঙ্কার বিমানবাহিনী, নেপালের মানাং মারসিয়ান্দি, মঙ্গোলিয়ার আর্চিম, তুর্কমেনিস্তানের এইচটিটিইউ ও দক্ষিণ কোরিয়ার রিমিয়ংসু ক্লাব।
গতবারের ট্রেবল জেতা শেখ রাসেল ভালো করতে চায় চূড়ান্ত পর্বেও৷ নতুন কোচ দ্রাগান দুকানোভিচ কাল ঢাকায় েনমে বললেন, ‘শ্রীলঙ্কা যাওয়ার আগে সবার মধ্যেই কৌতূহল ছিল কেমন খেলে শেখ রাসেল। আমরা সেখানে ভালো কিছুই করতে চেয়েছিলাম। আমি জানি এই দলের সামর্থ্য কতটা। চ্যাম্পিয়ন হয়ে খেলোয়াড়েরা আমাকে গর্বিত করেছে। শুধু আমি নই, বাংলাদেশের সবাই খুশি হয়েছে।’ তবে এই মন্টেনেগ্রেয়ান আত্মতুষ্টিতে ভুগছেন না, ‘এখনো আমাদের অনেক কাজ বাকি। আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এএফসির এই টুর্নামেন্টকেই। কারণ, লিগে যে অবস্থায় আছি সেখান থেকে ভালো স্থানে ফেরা একটু কঠিন।’
অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য তাকাচ্ছেন সামনে, ‘আমাদের ক্লাব ফুটবলে যে উন্নতি হয়েছে, সেটির প্রমাণই এই ফল। আমাদের এই জয় ১৬ কোটি মানুষকে উৎসর্গ করেছি।’ দলের অন্যতম নায়ক মিঠুন চৌধুরীর উচ্ছ্বাসটা একটু বেশিই, ‘সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো কিছু করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। সামনে আরও ভালো করতে চাই।’ ‘আশা করি চূড়ান্ত পর্বে আমরা ফাইনালে খেলব’—এই স্বপ্নের কথা বলে সবাইকেই যেন স্বপ্ন দেখাতে চাইছেন শেখ রাসেলের আরেক নায়ক হাইতিয়ান ফরোয়ার্ড প্যাসকেল৷
সেই স্বপ্নপূরণ হোক বা না হোক, স্বপ্ন দেখার সাহস হয়তো হলো!