হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শেখে। তিরুনেশ দিবাবা নাকি শুরুতেই শিখে গিয়েছিলেন দৌড়াতে! পরিবারটিই আসলে সব সময় ছিল ‘দৌড়ের ওপর’। তাঁর বড় বোন এজেগাইয়েহু দিবাবা এথেন্স অলিম্পিকে জিতেছিলেন রুপা। ভাই দেজেনেকে ভাবা হতো আগামীর তারকা। ছোট বোন গেনজেবে জুনিয়র পর্যায়ে সাফল্য পেয়েছেন। তাঁদের এক চাচাতো বোন দেরার্তু তুলু ১৯৯২ অলিম্পিকে ১০ হাজার মিটারে সোনা জিতে গড়েছিলেন ইতিহাস। দূরপাল্লার দৌড় তাঁদের পারিবারিক ঐতিহ্য, আরও স্পষ্ট করে বললে, দূরপাল্লার দৌড় ইথিওপিয়ার ওরোমো অধিবাসীদের রক্তের সঙ্গেই মিশে আছে।নিজের পরিবার আর সম্প্রদাসের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে দিবাবা পরশু জিতে নিলেন এবারের প্রথম আর সব মিলে ক্যারিয়ারের তৃতীয় অলিম্পিক সোনা। ৩০ মিনিট ২০.৭৫ সেকেন্ড সময় নিয়ে ১০ হাজার মিটারে সোনা জিতেছেন এই ২৬ বছর বয়সী। মুছে দিয়েছেন তাঁকে ঘিরে কিছুদিন ধরে তৈরি হওয়া সংশয়ের সব মেঘ। রুপা আর ব্রোঞ্জ—দুটিই গেছে কেনিয়ায়। স্যারি কিপিয়েগো জিতেছেন রুপা। সোনা জেতার কথা ছিল যাঁর, সেই ভিভিয়ান চেরুইয়ট হয়েছেন তৃতীয়। সোনা জিততে না পারলেও কেনিয়ার দীর্ঘ অপেক্ষার অবসান অন্তত হলো। ১৯৮৮ সিউল অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটার দৌড় চালুর পর এই প্রথম পদক জিতল তারা। অথচ দূরপাল্লার দৌড়ের কেনিয়াও আরেক হীরকখনির দেশ।চেহারায় একটা শিশুসুলভ নিষ্কলুষতা আছে। কিন্তু ট্র্যাকে সেই তিনিই ভয়ংকর। এ কারণে দিবাবাকে বলা হয় ‘বেবি-ফেসড ডেসট্রয়ার’। ৫ হাজার ও ১০ মিটার দৌড়ের দুটি সোনাই গতবার জিতেছিলেন বেইজিংয়ে। ৫ হাজার মিটারের বিশ্ব রেকর্ড তাঁর। ১০ হাজার মিটারের অলিম্পিক রেকর্ডও। কিন্তু এবার তাঁকে নিয়ে সংশয় দেখা দিয়েছিল অন্য কারণে। খেলোয়াড়দের সবচেয়ে বড় শত্রু তো আসলে মাঠের বাইরেই থাকে। যে ঘাতকের নাম ইনজুরি। চোটের কারণেই বেইজিং অলিম্পিকের পর দৌড়েছেন কালেভদ্রে। একটা প্রশ্ন ছিলই—দিবাবা পারবেন তো?পেরেছেন। এবং পারার তৃপ্তিতে খুবই উচ্ছ্বসিত দেখাচ্ছিল তাঁকে, ‘আজকের মতো আনন্দ এই জীবনে আর কখনোই পাইনি। এটা অনেক স্পেশাল কিছু। এটার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি।’ একটা রেকর্ডও গড়েছেন, এই প্রথম মেয়েদের ১০ হাজার মিটারে টানা দুই অলিম্পিকে সোনা জিতলেন কেউ। তাঁর চাচাতো বোন তুলু দুটি অলিম্পিক সোনা জিতলেও সেটি টানা ছিল না, ১৯৯২ অলিম্পিকের পর জিতেছেন ২০০০ সিডনি অলিম্পিকে। রয়টার্স।