আরও উন্নতি চান মিসবাহ
পাকিস্তান দারুণ ক্রিকেট খেলছে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট নিয়ে চিন্তিত না হলেও ক্ষতি নেই। তবে পেশাদারির এই যুগে উন্নতির শেষ দেখছেন না মিসবাহ-উল-হক। পাকিস্তান অধিনায়ক ঢাকা টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে ওই একটা কথাই বারবার বলে গেলেন, ‘আরও উন্নতি, আরও পেশাদারি চাই।’ম্যাচের পর ম্যাচ জিতলে একজন অধিনায়কের মুখে এটা শোনাই স্বাভাবিক। কারণ, তখন নিজেদের ছাড়িয়ে যাওয়ার তাড়াই বেশি কাজ করে ভেতরে। তার পরও নির্দিষ্ট করে ঢাকা টেস্ট থেকে কী পেতে চায় পাকিস্তান? শুরুতেই এই প্রশ্নের সামনে ধীরস্থির মিসবাহ, ‘আমাদের লক্ষ্য সহজ। মাঠে যাও, ভালো ক্রিকেট খেলো। মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করো। সব বিভাগেই পারফরম্যান্সের উন্নতি করতে চাই প্রতি ম্যাচে।’মিরপুরের উইকেটে প্রথমে টি-টোয়েন্টি, তারপর দুটি ওয়ানডে জিতে চট্টগ্রামে খেলতে যায় পাকিস্তান। ঢাকায় ফিরে মিরপুরেই টেস্ট, তা টেস্টের উইকেট কেমন? স্বদেশি সাংবাদিকের প্রশ্নে ৩০ টেস্টে ৪৫.৬৪ গড়ে ১৯১৭ রানের মালিকের জবাব, ‘টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে এটি ভিন্ন উইকেট। ভালোই মনে হচ্ছে, ব্যাটিং সহায়ক। আগে বা পরে ব্যাটিং করা কোনো ব্যাপার হবে না এখানে।’মিসবাহ যেভাবে বলতে পারেন, মুশফিকুর রহিম সেভাবে নয়। পাকিস্তান ব্যাটিংয়ে নামলে উইকেট ‘ব্যাটিং সহায়ক’, ফিল্ডিংয়ে নামলে ব্যাটসম্যানদের জন্য ‘মরণফাঁদ’। সিরিজ জুড়ে এই চিত্রনাট্যই দেখা যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ দলের বিপক্ষে খেলাটা কতটা উপভোগ করছেন, এই প্রশ্নও উঠে পড়ল সংবাদ সম্মেলনে!মিসবাহ এখানে পেশাদারির বর্মেই আবদ্ধ রাখলেন নিজেকে, ‘প্রতিটি দলের এমন অবস্থা আসে। বাংলাদেশ দলের ব্যাটিং ভালো হচ্ছে না। আপনাকে এক শ ভাগ দিতে হবে। এটা দিতে না পারলে সমস্যা হবে। তবে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবলে চলবে না। আমরা পেশাদার এবং মাঠে এক শ ভাগ দিতে হবে আমাদের।’বাংলাদেশের বিপক্ষে কতটা সিরিয়াস ম্যাচ খেলবে পাকিস্তান? মুশফিকুরের দল এমনই খাদে পড়েছে যে এমন প্রশ্নও শুনতে হয়েছে মিসবাহকে। ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচের মতোই সমান লক্ষ্য নিয়ে খেলতে চাই’—এটা বলে মিসবাহ বুঝিয়েছেন, সফর শুরুর আগের জয়ের ক্ষুধাটা এখনো সমান অটুট। ‘আমরা কোনো প্রতিপক্ষকেই হালকা করে নিই না’—বলে পাকিস্তান অধিনায়ক পেশাদারির পতাকাই ওড়ালেন আবার।পাকিস্তান দলে কোনো পরিবর্তন? ঘুরিয়ে-পেঁচিয়ে প্রশ্নটা বার দুয়েক করা হলেও মিসবাহ থাকলেন নিরাপদ দূরত্বে, ‘(একটু হেসে) আমি তো দল বলে দিতে পারব না। টিম মিটিং হয়নি এখনো। মিটিং হলে ঠিক হবে।’ দুপুরে মিরপুরে এসে পড়ন্ত বিকেল পর্যন্ত অনুশীলন, রাতের জন্যই হয়তো টিম মিটিংটা রেখে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।কোচ মহসিন খান কী বলেন? ৪৮ টেস্ট খেলা সাবেক ওপেনার সংবাদ সম্মেলনে ছিলেন মিসবাহর পাশে। ঢাকা টেস্ট নিয়ে ‘কী ভাবছেন’-এর উত্তর সরাসরি না দিয়ে মিসবাহর মতোই দলের ‘আরও উন্নতির’ কথাই বললেন, ‘আমাদের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করতে হবে। অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট, আমি এবং সিনিয়র ক্রিকেটার—সবাই মিলে এ নিয়ে কাজ করছি। পাকিস্তান দলটা এক বছরের বেশি সময় ধরে অনেক ভালো করছে। এখন যেখানে দুর্বলতা আছে, দূর করতে চাই।’পাকিস্তানের দুর্বলতা খুঁজতে যাওয়ার অবস্থায় নেই বাংলাদেশ। তার পরও পেশাদার দল হিসেবে নিজেদের আরও শাণিত করার প্রতিশ্রুতি ফুটে বেরোল মিসবাহর কণ্ঠে। যদি মিসবাহর ভাষায় ‘আরও ভালো ক্রিকেট’ খেলে পাকিস্তান, বাংলাদেশের জন্য তা হবে আরও বিব্রতকর। এমনিতেই তো দৃশ্যপটে বড় পরিবর্তন!ঢাকা টেস্টের আগের দুপুরে অনেকটা নীরব মিরপুর। আবেগ-উচ্ছ্বাস সবই উধাও। পারফরম্যান্স দিয়েই উচ্ছ্বাসটা ফেরাতে হবে মুশফিকদের। মিসবাহদের তখন হয়তো প্রতিপক্ষ নিয়ে ভাবতে হবে!