আরও এক বছর থাকছেন ফ্লেচার
যেতে হচ্ছে না ডানকান ফ্লেচারকে। আরও এক বছর ভারতীয় দলের কোচ হিসেবে থাকছেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার।বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ডানকান ফ্লেচারের সঙ্গে চুক্তির মেয়াদ আজ শুক্রবার আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যনির্বাহী কমিটি।২০১১ সালে ভারতকে বিশ্বকাপ উপহার দিয়ে দায়িত্ব ছাড়েন কোচ গ্যারি কারস্টেন। তাঁর পরামর্শেই নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ফ্লেচারকে। এ মাসে তাঁর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।গুঞ্জন ছিল, ভারতীয় দলকে প্রত্যাশিত ফল এনে দিতে ব্যর্থ হওয়ায় বিদায় নিতে হবে ফ্লেচারকে। মোহালিতে চলমান টেস্ট বাদ দিলে এ পর্যন্ত তাঁর অধীনে ২২টি টেস্টে অংশ নিয়েছে ভারত। এর মধ্যে হার ১০টিতে, আটটিতে জয়। বিদেশের মাটিতে টেস্ট জয় কেবল একটি। সেটাও প্রায় দুই বছর আগের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা এসেছিল ফ্লেচার দায়িত্ব নেওয়ার ঠিক পরই।ফ্লেচারের অধীনে ভারতের ওয়ানডে রেকর্ডও সুখকর নয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২৫টিতে, হার ১৬টিতে। ১৭ টি-টোয়েন্টিতে ভারতীয় দলের জয় নয়টিতে, আটটিতে হার।ফ্লেচারের চুক্তি নবায়নের সিদ্ধান্তের সমালোচনা করে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, ‘আমি বিস্মিত। ১০ টেস্টে হারের পরও ভারতের একজন কোচ কীভাবে টিকে থাকেন?’