আরও একটা এল ক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলমো জারা ও লিওনেল মেসি
তেলমো জারা ও লিওনেল মেসি

আগের দিন রিয়াল মাদ্রিদের জয়ই অনেকটা নিশ্চিত করে দিয়েছিল—এবারের কোপা ডেল রেতে ফাইনালে হচ্ছে ‘এল ক্লাসিকো’। পরশু রাতে আনোয়েতা স্টেডিয়ামে বার্সেলোনা যেন কেবল আনুষ্ঠানিকতাটুকুই সারল। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র আর দুই লেগ মিলিয়ে ৩-১ জয় নিশ্চিত করল—১৯ এপ্রিল এল ক্লাসিকোই হচ্ছে। সম্ভাব্য ভেন্যু ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়াম।
বার্সালোনাকে ফাইনালে তোলার পেছনে পরশু যথারীতি ভূমিকা থাকল লিওনেল মেসির। ২৮ মিনিটে এই মৌসুমে নিজের ২২তম গোলটা করে অসাধারণ এক কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন জাদুকর। মোট ৩৩৫ গোল নিয়ে স্পর্শ করেছেন কিংবদন্তি অ্যাথলেটিক বিলবাও স্ট্রাইকার তেলমো জারাকে। স্প্যানিশ কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা এখন যুগ্মভাবে এই দুজনের। কিছুদিনের মধ্যে রেকর্ডটা যে মেসি শুধুই নিজের করে নেবেন, এ নিয়ে মনে হয় না কারও সন্দেহ আছে।
মেসির সেই গোলের পরও সোসিয়েদাদের স্ট্রাইকার গ্রেজমানের ৮৭ মিনিটের গোলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে। তবে এই ফলটা ঠিক বার্সেলোনার খেলার আধিপত্য বোঝাচ্ছে না। মৌসুমে দ্বিতীয়বারের মতো সেস্ক ফ্যাব্রিগাস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি ও মেসিকে একসঙ্গে একাদশে খেলিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। অনেক দিন পর খুঁজে পাওয়া গেছে সেই পুরোনো দানি আলভেসকেও। সব মিলিয়ে ফলে না হলেও মাঠের খেলায় সমর্থকদের সন্তুষ্ট করেই ফাইনালে বার্সা। দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো বড় আসরের ফাইনালে নিয়ে যেতে পেরে স্বভাবতই রোমাঞ্চিত বার্সা কোচ মার্টিনোও, ‘যদিও এখনো অনেক পথ বাকি। আর ক্লাসিকো তো সব সময়ই বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগের রাতে মাদ্রিদের জয়ের পর আমরা কোনোভাবেই ফাইনালটা মিস করতে চাইনি।’
এ নিয়ে সপ্তমবারের মতো কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল। তিনটি করে জয়ে আপাতত লড়াইয়ে সমতা। মাস দুয়েক পরের এল ক্লাসিকো শেষে হিসাবটা কিন্তু আর এরকম থাকছে না। এএফপি, টেন অ্যাকশন।
জারার পাশে মেসি
তেলমো জারা
ম্যাচ ৩৫২
গোল ৩৩৫
লিওনেল মেসি
ম্যাচ ৪০৫
গোল ৩৩৫