আরও একটি ইনিংস পরাজয়
আরও একটি ইনিংস পরাজয়ের স্বাদ নিতে হলো বাংলাদেশকে। চট্টগ্রামে এবার পাকিস্তানের বিপক্ষে হার ইনিংস ও ১৮৪ রানে। কাল তৃতীয় দিনের শেষে যখন নাজিমউদ্দিন ও সাকিব আল হাসান একটি জুটি গড়ে, অপরাজিত থেকে মাঠ থেকে বের হলেন, তখন ইনিংস পরাজয়ের চেয়েও আজ কতক্ষণ বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যাটিং চালিয়ে যেতে পারবেন-সেই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছিল। কিন্তু দীর্ঘ ইনিংস খেলতে না পারার ব্যর্থতা টেস্ট ক্রিকেটে আরও একটি বড় পরাজয়ের তিলক এঁকে দিল এদেশের ক্রিকেটের ললাটে।নাজিমউদ্দিন ও সাকিব-আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে ব্যর্থ বলা চলে না। নাজিমউদ্দিন খেলেছেন ৭৮ রানের ঝকঝকে একটি ইনিংস। সাকিবও ফিফটি করেছেন। কিন্তু যেক্ষেত্রে তারা ব্যর্থ, তা হল, নিজেদের ইনিংস কে দীর্ঘায়িত করতে না পারা। সাকিব পঞ্চাশ পেরিয়েই আবদুর রহমানের বলে এলবি’র ফাঁদে পড়ে গেলেন। নাজিমউদ্দিন ব্যক্তিগত ৭৮ রানে যেভাবে আকাশে বল তুলে দিয়ে আউট হয়ে গেলেন-তা একজন টেস্ট ব্যাটসম্যানসুলভ কি-না সেটা তিনি ভেবে দেখতে পারেন।সাকিবের আউটের পর প্রতিরোধ গড়লেন অধিনায়ক মুশফিকুর রহিম। ভালোই খেলছিলেন তিনি। কিন্তু ৪৯ রানে তিনিও এলবি’র ফাঁদে। মাহমুদউল্লাহর ওপর ভরসা ছিল। কিন্তু তিনি তাতে জল ঢেলে সাঈদ আজমলের বলে বোল্ড। মো. ইলিয়াস ও শাহদাত লজ্জা দিয়ে গেলেন টপ অর্ডারদের। যথাক্রমে ২০ ও ২১ রানে এই দুই ‘বোলার’ ব্যাটসম্যানের বিদায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ করল ২৭৫ রানেই।বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বল হাতে সফল পাকিস্তানি বাঁ-হাতি স্পিনার আবদুর রেহমান। তিনি ৮৮ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও আইজাজ চিমা ও সাঈদ আজমল দখল করেছেন ২টি করে উইকেট।দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরির সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা উঠেছে ইউনুস খানের হাতে।