আরও একটি সোনার বুট মেসির

তাঁর পা যেন সোনায় বাঁধানো। লিওনেল মেসি চাইলে এখন সোনার বুট পরে মাঠে নামতেও পারেন। তিন-তিনটি ইউরোপিয়ান গোল্ডেন বুট যে জিতে গেলেন। গত মৌসুমে ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে আজ বার্সেলোনায় মেসির হাতে তুলে দেওয়া হয়েছে ২০১২-১৩ মৌসুমের গোল্ডেন বুট।
চোট সমস্যায় ভুগছেন। প্রায় দুই মাস মাঠের বাইরে কাটাতে হবেও। বসে বসে দেখছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ‘রাস উত্সব’। এমন দুঃসময়ের ভিড়ে এই পুরস্কার নিশ্চয়ই বাড়তি প্রেরণা এনে দেবে তাঁকে। আজ মেসির হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন বার্সারই সাবেক তারকা রিস্টো স্টয়চকভ।
ইউরোপিয়ান গোল্ডেন শুরুর ৪৫ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে তিনবার পুরস্কারটা পেলেন মেসি। লা লিগার গত মৌসুমে ৪৬ গোল করা মেসি পুরস্কারটা পাবেন জানাই ছিল। আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কারটা হস্তান্তর করা হলো, এই যা।
গত মৌসুমে মেসির গোলের সংখ্যাটা আরও বেশি হতে পারত। সেটা হয়নি চোটের কারণে মৌসুমের শেষ কয়েকটা ম্যাচ খেলতে না পারায়। সেই চোট সমস্যা এখনো পিছু ছাড়েনি চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়কে। এ মৌসুমে এখন পর্যন্ত তিন দফা চোটের কারণে ছিটকে পড়েছেন। লা লিগার এবারের আসরে ১১ ম্যাচে আটটি গোল করেছেন চোটে জর্জরিত মেসি।
পুরস্কারটি নিয়ে মেসি বলেছেন, ‘এটা আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য ছিল না। তার পরও পুরস্কারটি পেয়ে আমি খুশি। এর থেকে বোঝা যাচ্ছে পুরো দল কতটা ভালো খেলছে, দল হিসেবে সতীর্থরা আমাকে কতটা সাহায্য করেছে, এটা তারই প্রতিচ্ছবি।’
প্রতিক্রিয়া জানাতে নিজের চোট নিয়েও কথা বলতে হয়েছে মেসিকে। মেসি বলেছেন তিনি জানেন না ঠিক কবে মাঠে ফিরবেন, ‘আমি সেরে উঠছি। আগের চেয়ে ভালো বোধ করছি। তবে এটা বলা সম্ভব নয়, আমি ঠিক কবে খেলার জন্য প্রস্তুত হব। সবকিছু কীভাবে এগোয় সেটা আমাদের নজরে রাখতে হবে। আমার লক্ষ্য অবশ্যই মাঠে ফিরে খেলাটা আবার উপভোগ করা।’ সূত্র: রয়টার্স।