২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে চমকে দিয়েছিল গ্রিস। কিন্তু সে পর্যন্তই, এরপর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ‘চ্যাম্পিয়ন’দের। আগামী মাস থেকে শুরু হওয়া বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে তারা। ১৯৯৪ সালের বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে তিনটি ম্যাচে হেরেই বিদায় নিতে হয়েছিল গ্রিসকে। এবারে দক্ষিণ আফ্রিকায় সেই ৯৪-র তিন প্রতিদ্বন্দ্বীর দুটিই কাকতালীয়ভাবে গ্রিসের গ্রুপে। ১৯৯৪ সালের মতো এবারও গ্রিসকে মোকাবিলা করতে হবে নাইজেরিয়া ও আর্জেন্টিনাকে। অন্য প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া। নিজেদের ফুটবল সামর্থ্যের ওপর বেশ আস্থা গ্রিকদের। গ্রিসের অন্যতম সেরা ফুটবলার সোতিরিস নিনিস রয়টার্সকে বলেছেন, ‘আমরা আমাদের সামর্থ্য জানি। দক্ষিণ আফ্রিকায় ভিন্ন ধরনের ফুটবল খেলতে যাচ্ছি আমরা। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অনেক কিছুই ঘটানো সম্ভব।’ নিনিসের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলবে কি না তা বিশ্বকাপ শুরু হলেই বোঝা যাবে। সামর্থ্যের ব্যাপারটা যদি আসেই, তাহলে কাগজে-কলমে গ্রিস একেবারেই হেলাফেলা করার কোনো দল নয়। আর্জেন্টিনার কথা বাদ দিলেও নাইজেরিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রিসের ম্যাচ দুটি নেহাত-ই মন্দ হবে না। তা ছাড়া ১৬ বছর আগের সেই অনভিজ্ঞতাও তাঁদের নেই। ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার তকমাটা গ্রিস এবার আত্মবিশ্বাস হিসেবেই কাজে লাগাবে। ৭১ বছর বয়সী কোচ রেহেগেলের তত্ত্বাবধানে সর্বশেষ চারটি বড় প্রতিযোগিতার তিনটিতেই খেলেছে গ্রিস। এবারের বিশ্বকাপে আরও একটি চমকের প্রত্যাশা তাই করতেই পারে তারা। কোচ অটো রেহেগেলে ২০০১ সালে দায়িত্ব নিয়ে গ্রিসের ফুটবলে এনেছিলেন নতুন জোয়ার। এই জার্মান কোচের অধীন গ্রিস যে এত দ্রুত এগিয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ২০০৪ সালে ইউরো জেতানো এই কোচ ইতিমধ্যেই দেশটির জাতীয় নায়কে পরিণত হয়েছেন। তবে বিশ্বকাপ রেহেগেলের জন্য মস্ত এক পরীক্ষারই মঞ্চ। তবে ব্যাপারটি ঠিক এমনি করে দেখতে চাচ্ছেন না তিনি। চল্লিশ বছরের অভিজ্ঞতার ভান্ডারটি অনেক কিছুতেই নির্লিপ্ততা এনে দিয়েছে। তিনি বিশ্বকাপের মঞ্চকে আর ১০টি প্রতিযোগিতার মতো করেই দেখছেন। বলেছেন, বিশ্বকাপ হলেও এতে আপনাকে ফুটবলই খেলতে হবে। আমরা ফুটবল খেলতেই দক্ষিণ আফ্রিকা যাব।