আরও এগিয়ে গেল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়েরা ক্লান্ত ছিল কি না, প্রশ্নটা উড়িয়েই দিয়েছেন পেপ গার্দিওলা। ‘জয়ের জন্য আমরা সবই করেছি’—এই বলে বার্সেলোনা কোচ বরং পিঠ চাপড়ে দিয়েছেন খেলোয়াড়দের। কিন্তু গার্দিওলা যেমন দলকে প্রশংসার বর্মে ঘিরে রাখছেন, তাতে বার্সা-সমর্থকদের কি মন ভরছে? চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যে নাগালের বাইরে চলে যাচ্ছে! কোপা ডেল রের হতাশা চাপা দিয়ে গত পরশু লিগে ঠিকই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার সবার নিচের দল জারাগোজাকে রিয়াল হারিয়েছে ৩-১ গোলে। আরও একটি অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে বার্সেলোনা, অবনমন এলাকায় থাকা ভিয়ারিয়ালের মাঠে করেছে গোলশূন্য ড্র। হলুদ সাবমেরিনদের বিপক্ষে ড্রটা মৌসুমে বার্সার ষষ্ঠ ড্র। প্রতিপক্ষের ম্যাঠে পঞ্চম। ফলে ৫ পয়েন্টের ব্যবধানটা বেড়ে দাঁড়াল ৭। ২০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫২, বার্সেলোনার ৪৫। শিরোপা কি বার্সেলোনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? গার্দিওলা উড়িয়ে দিয়েছেন এই দাবিও, ‘লিগে আরও ১৮ ম্যাচ বাকি। আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’গত বুধবার তুলনামূলক ভালো খেলেও বার্সেলোনার মাঠ থেকে ২-২ গোলে ড্র করেই কোপা ডেল রে থেকে বিদায়ঘণ্টা শোনে রিয়াল। এই হতাশা মুছতেই পরশু নিজেদের মাঠে রিয়াল শুরু থেকেই জারাগোজার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু খেলার ধারার বিপরীতে জারাগোজাই এগিয়ে যায় প্রথমে। রিয়ালের সাবেক তরুণ খেলোয়াড় কার্লোস আরান্দার ক্রসে লাফিতার গোল। পুরো ম্যাচে জারাগোজার সুযোগ বলতে ওই একটাই! আক্রমণাত্মক খেলেই রিয়াল সমতায় ফেরে ৩৫ মিনিটে, ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকার গোলে।দ্বিতীয়ার্ধেও উজ্জীবিত ছিল রিয়াল। ৪৮ মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ২৪তম লিগ গোল করে ব্যবধান করেন ২-১। ৮ মিনিট পর কাকার চমৎকার পাস, মেসুত ওজিলের দুর্দান্ত শটে ৩-১। স্কোরলাইন ঠিক বোঝাতে পারছে না মাঠের একপেশে লড়াইয়ের চিত্রটা। তবু সন্তুষ্ট নন রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা। দলের কাছে তাঁর আরও বেশি চাই, ‘দল আজ রাতে ততটা ভালো খেলতে পারেনি, যেমনটা আমরা খেলি। তবে আমরা জিতেছি এবং ব্যবধানটা ধরে রেখে লিগে শীর্ষে আছি।’অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনাকে আরও একবার হতাশায় পুড়তে হয়েছে দিয়েগো লোপেজের কারণে। ভিয়ারিয়াল গোলরক্ষকের উজ্জীবিত পারফরম্যান্সই জয় থেকে বঞ্চিত করেছে মেসি-জাভিদের। তৃতীয় মিনিটেই দানি আলভেজের শটটি আটকে দিয়ে লোপেজ শুরু করেন তাঁর কাজ। শেষ দিকে মেসিরই দুটি শট রুখে দিয়েছেন লোপেজ। তবে ভিয়ারিয়ালকে গোলবঞ্চিত রাখার কৃতিত্ব দাবি করতে পারেন বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেজও। এএফপি।