আরও এগিয়ে মেসির আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ পাঁচ মাসের বিরতিতে গেল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। আপাতত তৃপ্তি নিয়েই ছুটিতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসি আর গঞ্জালো হিগুয়েইনের গোলে কাল চিলিকে ২-১ হারিয়েছে আলেসান্দ্রো সাবেলার দল। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারাই। তবে নবম রাউন্ডের সবচেয়ে বড় অঘটনটি দেখল লা পাজ। এদিন নিজেদের মাঠে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও গত কোপা আমেরিকাজয়ী উরুগুয়েকে ৪-১ গোলের লজ্জায় ডুবিয়েছে বলিভিয়া। নয় ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে যুঝতে থাকা অস্কার তাবারেজের দল সর্বশেষ চার ম্যাচ থেকে কুড়িয়েছে মাত্র একটি পয়েন্ট। সর্বশেষ ছয় ম্যাচে জয় একটিই! অবশ্য ভেনেজুয়েলা ড্র করায় আর চিলি হেরে যাওয়ায় এখনো চূড়ান্ত পর্বের লড়াইয়ে টিকে আছে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলা-ইকুয়েডর ম্যাচটি হয়েছে ১-১ ড্র। অন্য ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।নিজেদের মাঠে চিলি ছিল সাহসী। প্রথম ২৫ মিনিট ম্যাচে আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলা খেলতেই দেয়নি। বরং একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছিল আর্জেন্টাইন রক্ষণকে। যে রক্ষণ চিরকালীন বেহুলার বাসরঘর বলে পরিচিত, কাল তারাই হয়ে উঠল দুর্ভেদ্য। চিলির আক্রমণের তোড় ভালোই সামলে গেলেন এজেকুইয়েল গ্যারে, হুগো, ফেদেরিকো, পাবলো জাবালেতারা। দারুণ একটা সেভও করলেন গোলরক্ষক সার্জিও রোমেরো। স্রোতের বিপরীতে ২৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। রিয়াল মাদ্রিদে অচল হয়ে এই মৌসুমে ভ্যালেন্সিয়ায় চলে আসা ফার্নান্দো গ্যাগোর দুর্দান্ত এক লম্বা পাস খুঁজে নিয়েছিল মেসিকে। অফসাইডের ফাঁদ ভেঙে মেসি সামনে পেয়ে যান শুধু গোলরক্ষককে। চিলির ডিফেন্ডাররা দ্রুত তাঁকে ঘিরেও ধরে। কিন্তু মেসির বাঁ পায়ের নিখুঁত শট ঠেকায় সাধ্য কার? তিন মিনিটের মধ্যেই এমনই একটি লং বল থেকে ২-০ করে দেন হিগুয়েইন। এবারের পাসটি অবশ্য অ্যাঙ্গেল ডি মারিয়ার। ২৫ মিনিটে যে দল রীতিমতো উড়ছিল, ৩০ মিনিটের মধ্যেই তারা ০-২ গোলে কোণঠাসা। এরপরই আর্জেন্টিনা পেয়ে যায় লাগাম। চড়ে বসে চিলির রক্ষণের ওপর। তৈরি হয় বেশ কয়েকটি সুযোগ। এমনি একটি সুযোগ থেকে সার্জিও আগুয়েরোর একটি শট ডান পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান বড় হতে পারত।চিলির ভাগ্য আসলেই খারাপ ছিল। দুটো পেনাল্টির দাবিতে সাড়া দেয়নি রেফারি। দুটো হ্যান্ডবলই আসলে ইচ্ছাকৃত ছিল না বলে পার পেয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে দুই দলকেই মনে হয়েছে উদ্দেশ্যহীন। আর্জেন্টিনার গোলক্ষুধা যেন মরে গিয়েছিল হুট করে। আর চিলিও প্রথম ২৫ মিনিটের সেই ধার ধরে রাখতে পারেনি। শেষ বাঁশি বাজার আগে ২২ বছর বয়সী তরুণ চিলিয়ান স্ট্রাইকার ফেলিপে গুতিয়েরেজ একটা গোল শোধ করে দিলে সাময়িক উত্তেজনা তৈরি হয় বটে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এই মৌসুমে দারুণ খেলতে থাকা চিলিকে। গত ছয় ম্যাচে পঞ্চম জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা।এ অঞ্চলের বাছাইপর্ব আবার শুরু হবে আগামী মার্চে। এএফপি, রয়টার্স। পয়েন্ট তালিকা ম্যাচ জয় ড্র হার পয়েন্টআর্জেন্টিনা ৯ ৬ ২ ১ ২০ইকুয়েডর ৯ ৫ ২ ২ ১৭কলম্বিয়া ৮ ৫ ১ ২ ১৬ভেনেজুয়েলা ৯ ৩ ৩ ৩ ১২উরুগুয়ে ৯ ৩ ৩ ৩ ১২চিলি ৯ ৪ ০ ৫ ১২বলিভিয়া ৯ ২ ২ ৫ ৮পেরু ৯ ২ ২ ৫ ৮প্যারাগুয়ে ৯ ২ ১ ৬ ৭