আরও এগিয়ে যাক বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

পারফরম্যান্স যত ভালো হয়, প্রত্যাশা বাড়ে পাল্লা দিয়ে। খেলার জগতে নিয়মটাই এমন। পারফরম্যান্স বৃদ্ধির হার যদি হয় জ্যামিতিক, প্রত্যাশা বাড়ে চক্রবৃদ্ধি হারে। আমরা সেটা ভালোই টের পাচ্ছি। ২০১৩ সালে আমাদের পারফরম্যান্সের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। নতুন বছরে তাই আমাদের কাছে প্রতিটি মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি। প্রত্যাশার প্রতিদান দিতে পারাই আমাদের সামনে চ্যালেঞ্জ।
বছরের প্রথম ভাগেই পিঠোপিঠি অনেক খেলা আমাদের। সবই দেশের মাটিতে। লোকের প্রত্যাশাটা বেশি থাকবে এ জন্য। জানুয়ারির শেষ সপ্তাহে আসছে শ্রীলঙ্কা, এরপর এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। সুনির্দিষ্ট করে লক্ষ্যের কথা বলব না, মূল চাওয়া থাকবে ধারাবাহিকতা ধরে রাখা, পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখাও গুরুত্বপূর্ণ।
দেশের মাটিতে গত বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজে আমরা দারুণ খেলেছি। শ্রীলঙ্কা সিরিজেও সেটি ধরে রাখা দরকার। এশিয়া কাপের সর্বশেষ অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য একই সঙ্গে দারুণ আনন্দের ও বেদনার। অভাবনীয় প্রাপ্তির আনন্দের সঙ্গে অল্পের জন্য শিরোপা না পাওয়ার বেদনাও সঙ্গী হয়েছিল। গতবারের স্মৃতি মনে রেখে লোকে এবারও আমাদের ফাইনালে দেখতে চাইবে। কাজটি সহজ নয়। তবে পুনরাবৃত্তির আশা তো থাকবেই। ঘরের মাটিতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে প্রাথমিক পর্ব খেলতে হবে বলে অনেকের মনেই শঙ্কা, সংশয়। মূল পর্ব খেলাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য। সেটি পারলে চেষ্টা থাকবে যতদূর যাওয়া যায়। প্রত্যাশা বেশি মানে চাপও বেশি। চাপমুক্ত থাকতে পারা হবে বড় চ্যালেঞ্জ।
এমনিতে টেস্ট খেলার জন্য বরাবরই আমাদের হাহাকার। তবে নতুন বছরে অন্তত সেটি থাকবে না। ৬টি টেস্ট—তার পরও হয়তো এটি খুব বেশি নয়, তবে মন্দের ভালো তো বটেই। ওয়ানডেতে আমরা এখন সমীহ জাগানো দল, তবে টেস্টে এখনো সেই জায়গায় পৌঁছা যায়নি। নতুন বছরে আমাদের লক্ষ্য থাকবে সেটিই। গত কিছুদিন থেকে দেশের মাটিতে আমরা অনেক ভালো খেলেছি। টেস্টে আগে লক্ষ্য থাকত পাঁচ দিন খেলা। এখন জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি বলেই হয়তো ড্র করা যাচ্ছে। নতুন বছরে চাওয়া থাকবে আরেক ধাপ এগিয়ে যাওয়া। মুমিনুল-সোহাগ-নাসিরের মতো তরুণেরা দলে তরতাজা একটা বাতাস বইয়ে দিয়েছে। চাইব এটি চলতে থাকুক। এ বছর ওয়েস্ট ইন্ডিজ সফর আছে, গতবার ওদের ধবলধোলাই করলেও মূল দল ছিল না বলে কৃতিত্ব দিতে অনীহা অনেকের। এবার সুযোগ আছে মূল দলের বিপক্ষে দারুণ কিছু করার।
টেস্টে দলের এগিয়ে যাওয়ার পথে এ বছরও আমি সঙ্গী হতে পারব কি না জানি না। টেস্টে খেলার স্বপ্ন এখনো দেখি। ক্রিকেটের আসল সংস্করণটিই খেলতে না পারলে কারই বা ভালো লাগে! কিন্তু বাস্তবতা তো ভুলে গেলে চলবে না। শরীরের কথাও ভাবতে হয় আমাকে। আমার শরীরের ধরনটিই হলো, যত বেশি ম্যাচ খেলি, তত শক্তিক্ষয়। সামনে যেহেতু ওয়ানডে-টি-টোয়েন্টি অনেক আছে, ধকল সামলানোর কথা তাই ভাবতেই হবে আমাকে। আমার চোটটা হলো সবচেয়ে বাজে জায়গায় (হাঁটু)। সবকিছুই তাই মাথায় রাখা চাই। ইচ্ছা আছে সামনে জাতীয় লিগ খেলার। তার পরও ফিজিওর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
নতুন বছরে খুব বড় কোনো ব্যক্তিগত লক্ষ্য এমনিতে নেই। একসময় অনেক ভাবতাম, স্বপ্ন দেখতাম, নিজেকে অমুক জায়গায় দেখতে চাই। কিন্তু নিয়তি আমাকে বাস্তবতার জমিনে নামিয়েছে বারবার। এক দিক থেকে ভাবলে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর এক যুগ পর আজ আমার অন্য একটি জায়গায় থাকার কথা ছিল। আবার যখন ভাবি, যেসব চোটের ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে তাতে এখনো যে খেলছি, এটাই বা কম কী!
দূর ভবিষ্যৎ বা বড় কিছু তাই ভাবি না। প্রতিদিন নিজেকে উজাড় করে দিতে চাই, ঢেলে দিতে চাই সর্বস্ব। নতুন বছর বলুন কিংবা বাকি ক্যারিয়ার, লক্ষ্য এখন এটাই—দলে অবদান রাখা, দেশের জন্য কিছু করা।