আরও ওপরে ‘সেরা’ কলিংউড
গত ৩০ বছরে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যানদের নামগুলো একটু মনে করার চেষ্টা করুন...ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ, মাইক গ্যাটিং, অ্যালান ল্যাম্ব, মাইকেল ভন, কিংবা হালের কেভিন পিটারসেন। পল কলিংউডের নামটা হয়তো তালিকাতেই আসবে না। অথচ একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে কলিংউডই এক নম্বরে। গত তিন দশকে বিদেশের মাটিতে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যানের (কমপক্ষে ৩০ ইনিংস খেলা) নাম পল কলিংউড। অবাক হচ্ছেন? পরিসংখ্যান কিন্তু এটাই বলছে!চট্টগ্রাম টেস্টের আগে বিদেশের মাটিতে কলিংউডের টেস্ট গড় ছিল ৪৯.২০, কালকের সেঞ্চুরিতে তা বেড়ে হয়েছে ৪৯.৭৭। ৪৮.৩১ গড় নিয়ে সবচেয়ে কাছাকাছি আছেন গাওয়ার। কৃতিত্বের মাহাত্ম্য বেড়ে যাবে, যখন জানবেন তাঁর ক্যারিয়ার গড় ৪৪.৫৪। দেশে আর বিদেশে পারফরম্যান্সের পার্থক্য অনেকেরই থাকে, আছে কলিংউডেরও। তবে এটা আরও অনেকের মতো মুখ লুকানোর কারণ না হয়ে তাঁর জন্য গর্বিত হওয়ার উপলক্ষই হচ্ছে। বিদেশের মাটিতে ব্যাটিং গড়টা তো আগেই জেনেছেন। ইংল্যান্ডে সেই গড় ৩৮.৪৫! সেই কলিংউড বাংলাদেশে প্রথম টেস্ট খেলতে নেমেই অবলীলায় সেঞ্চুরি করবেন, এ আর এমন কী!উইকেট আক্ষরিক অর্থেই ব্যাটিং-স্বর্গ, প্রতিপক্ষ বাংলাদেশ। এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সহজ সেঞ্চুরি কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নও তুললেন এক ইংলিশ সাংবাদিক। টেস্টে ৩৫ রানের বেশি যত ইনিংস আছে তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এই ইনিংসেই। এক ইনিংসে ৪টি ছয় মেরেছিলেন এর আগে একবারই, এই তথ্যগুলো অমূলক বলতে দিচ্ছে না ওই ইংলিশ সাংবাদিকদের কথাকে। কিন্তু তারপরও কলিংউডের হূদয়ে এই সেঞ্চুরির আলাদা জায়গা দুটি কারণে। তাঁর মুখেই শুনুন, ‘এটা আমার জন্য একট স্পেশাল সেঞ্চুরি। যখন খেলা শুরু করলাম, ভাবতেও পারিনি দশটা টেস্ট সেঞ্চুরি করে ফেলব। দুই অঙ্ক (সেঞ্চুরির) ছোঁয়াটা আমার জন্য বড় একটা অর্জন। তা ছাড়া কয়েকটি ভালো ইনিংস খেললেও বেশ কিছুদিন আমি সেঞ্চুরি পাচ্ছিলাম না। আজ তাই আরও বেশি করে চাইছিলাম এই সেঞ্চুরিটা।’গত বছর মার্চের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে ১৬১ রান করেছিলেন। এরপর তিন অঙ্কের দেখা পাননি টানা ১১ টেস্ট আর ১৯ ইনিংসে। দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি, কারণ এই সময়ে ৭টি ফিফটি করেছেন, এর কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সময়ে। কিন্তু নিজেও ভালো করে জানেন ফিফটি আর সেঞ্চুরির পার্থক্য। স্বদেশি সাংবাদিকেরা যখন নানাভাবে তাঁর মুখ থেকে শোনার চেষ্টা করেছেন সেঞ্চুরিটা সহজে এসেছে কি না, তিনি বলে গেলেন, ‘টেস্ট সেঞ্চুরি মানে টেস্ট সেঞ্চুরি, প্রতিপক্ষ ব্যাপার নয়।’তবে উপমহাদেশে প্রত্যাশিত টার্নিং ট্র্যাকের বদলে এমন ব্যাটিং-স্বর্গ উইকেট এবং টসে হেরে সেটিতে প্রথমে ব্যাটিং—বাংলাদেশের কাছ থেকে পাওয়া ‘উপহার’ দুটি যে অবাক করেছে, বলেই ফেললেন সেটি, ‘আমি ভেবেছিলাম টার্নিং উইকেট হবে। ওরা চার স্পিনার নিয়ে খেলছে, ব্যাটিং পেয়ে আর সবার মতো আমিও অবাক হয়েছিলাম। ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট, জ্যাসন গিলেস্পি নাইটওয়াচম্যান হিসেবে এখানে ডাবল সেঞ্চুরি করেছে, এটা থেকেই তো পরিষ্কার উইকেট কেমন।’আর দশটা ইংলিশ ব্যাটসম্যানের চেয়ে যে কলিংউড আলাদা, পরিসংখ্যানের আরেকটা পাতা খুলেও এটা বোঝা যায়। উপমহাদেশে তাঁর রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানও যেখানে খাবি খেয়েছেন, সেই ভারতের মাটিতে তাঁর গড় ৫৭.১৪, পাকিস্তানের মাটিতে ৪৭.২৫। অথচ গতিময় উইকেটই নাকি তাঁর বেশি পছন্দ, ‘সত্যি বলতে আমি ফাস্ট-বাউন্সি উইকেটটাই পছন্দ করি। হ্যাঁ, আমি উপমহাদেশে বেশ রান পেয়েছি, তবে আমি মূলত ব্যাকফুট ব্যাটসম্যান।’ পছন্দের ছাপ আছে পারফরম্যান্সেও, অস্ট্রেলিয়ায় গড় তাঁর ৪৮.১১, একমাত্র ডাবল সেঞ্চুরিটাও সেখানেই। দক্ষিণ আফ্রিকায় গড় ৫৭.৩৩।এমন পারফরম্যান্স, তারপরও যাঁরা তাঁর ব্যাটিংকে বিরক্তিকর বলেন, তাঁদের জন্য জবাব, ‘হয়তো আমার ব্যাটিং খুব একটা দৃষ্টিসুখকর নয়। তবে দিন শেষে রানটাই গুরুত্বপূর্ণ, কীভাবে করলাম তা নয়।’বাংলাদেশ দলের কাছে অবশ্য কলিংউডের ব্যাটিং ‘বিরক্তিকর’ই লেগেছে। তাঁর ১৪৫ রানের ইনিংসটিই যে ইংল্যান্ডকে বাংলাদেশের ধরাছোঁয়ার আরও বাইরে নিয়ে গেল!