আরও কঠিন জনসন
ব্রিসবেনে প্রথম টেস্টের আগে নাকি হাত-পা কাঁপছিল মিচেল জনসনের! অনেক দিন পর টেস্ট দলে জায়গা পাওয়ার উত্তেজনাতেই হয়তো।
এরপর সপ্তাহ দুয়েকের ব্যবধানে বদলে গেল জনসনের পৃথিবী। বছরের শুরুতে ফর্ম হারিয়ে উদ্ভ্রান্ত হয়ে পড়া এই বাঁহাতি ফাস্ট বোলারই এখন কাঁপিয়ে দিচ্ছেন সবাইকে। ইংলিশ ব্যাটসম্যানদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন কাঁপুনিটা কেমন। অস্ট্রেলীয় ফাস্ট বোলারের ১৫০ কিলোমিটার গতির গোলার সামনে দাঁড়িয়ে তাঁদের হাঁটুগুলোকে স্থির রাখাই দায়।
ব্রিসবেনে ৯ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া জনসন এবার অ্যাডিলেডে প্রথম ইনিংসে নিলেন ৭ উইকেট। এই এক ইনিংসেই চিরপ্রতিদ্বন্দ্বীদের আবারও হারের মুখে ফেলে দিয়েছেন ৩২ বছর বয়সী পেসার। তবে এত অল্পতেই সন্তুষ্ট নন জনসন। কাল যেমন হুমকি দিয়ে রাখলেন এবার উনুনে চড়িয়ে ‘রান্না’ করবেন ইংলিশদের।
কাল ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে পাকানো গোঁফে তা দিতে দিতেই বললেন, ‘আমি ওদের আবারও মাঠে দেখতে চাচ্ছি যাতে তাদের একেবারে সেদ্ধ করে ফেলতে পারি।’
জনসন আজ চতুর্থ দিনে ইংল্যান্ডকে আবারও ব্যাটিংয়ে নামানোর আগে চান খাটিয়ে মারতে, ‘এই মুহূর্তে রানটান কোনো ব্যাপার না। তবে আমরা সম্ভবত তাদের আরও অনেকক্ষণ মাঠে (ফিল্ডিংয়ে) রাখব। আশা করছি ডেভি (ওয়ার্নার) তার সেঞ্চুরি পেয়ে যাবে। এরপরই একটা বিস্ফোরণ ও তাদের কিছু সময় দেওয়া।’
৫৩০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া কত রানের লক্ষ্য দেবে দেখার বিষয় সেটাই। তৃতীয় দিনে বলে ভালো টার্ন পেয়েছেন দুই ইংলিশ স্পিনার। বাউন্সারের হেরফেরে অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন পেসাররাও। জনসনের কাছে এটা একটা ‘সুখবর’।
ফর্ম হারিয়ে গত অ্যাশেজ সিরিজের দল জায়গা না পাওয়া কুইন্সল্যান্ডের এই বোলার চলতি সিরিজে ৮.৯ গড়ে নিয়েছেন ১৬ উইকেট। নিজেকে ফিরে পাওয়ার রহস্যটা কী? শুনুন জনসনের মুখেই, ‘আমি যেভাবে চাইছি হাত থেকে বলটা ঠিক সেভাবেই বের হচ্ছে। ব্রিসবেনে স্টাম্পে বল লাগাতে পারিনি দেখে কথা উঠেছিল। অ্যাডিলেডের পিচ সাহায্য করেছে। আমি শুধু একটু বেশি চেষ্টা করেছি। মুহূর্তটা উপভোগ করছি, কারণ এমন সময় সব সময় আসে না।’
সুসময়টা লম্বা করতেই হয়তো পুরো সিরিজেই গোঁফটা রেখে দিতে চান জনসন, ‘“মো”টা অ্যাশেজে থাকছে। অনেকেই এটাকে পাকাপাকি রেখে দিতে বলছে। তবে তাতে বোধ হয় আমার স্ত্রী খুশি হবে না।’ এএফপি।