আরও কিছু রোমাঞ্চের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল চরম নাটকীয়তার মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। কুইন্স পার্কের বিপক্ষে চরম উত্তেজনাকর ম্যাচটি ৩-২ গোলে জিতে দীর্ঘ ৪৪ বছর পর তারা পেয়েছে লিগ শিরোপা জয়ের স্বাদ। পুরো মৌসুমেই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতা করে এই বহু কাঙ্ক্ষিত সাফল্যটি পেয়েছে ব্লুরা। লিগের ৩৮ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৮৯। কিন্তু ৮ গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগ শিরোপাটা নিজেদের ঘরে তুলেছে রবার্তো মানচিনির শিষ্যরা। তবে এ রকম গোল ব্যবধানে শিরোপা নির্ধারণের ঘটনা এবারই প্রথম না। ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগেও আরও পাঁচটি মৌসুমে শিরোপা জয় নির্ধারণ হয়েছে এই গোল ব্যবধানের ভিত্তিতে। রয়টার্স অবলম্বনে প্রিমিয়ার লিগের সেই রোমাঞ্চকর মৌসুমগুলো তুলে ধরা হলো প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো গোল ব্যবধানে শিরোপা নির্ধারণ হয় ১৯২৩-২৪ মৌসুমে। ৫৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছিল হাডার্সফিল্ড টাউন ও কার্ডিফ সিটি। কিন্তু মাত্র ০.০২৪ গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয়ের স্বাদ পায় হাডার্সফিল্ড টাউন।দ্বিতীয়বারের মতো গোল ব্যবধানে শিরোপা নির্ধারণ প্রত্যক্ষ করা যায় ১৯৪৯-৫০ মৌসুমে। এবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সকে মাত্র ০.৩৯৬ ব্যবধানে পেছনে ফেলে শিরোপা জিতে নেয় পোর্টসমাউথ। মৌসুম শেষে দুই দলেরই পয়েন্ট ছিল ৫৩।দুই মৌসুম পর ১৯৫২-৫৩ মৌসুমে আবারও ফিরে আসে সেই রোমাঞ্চকর মুহূর্ত। লিগ শেষে আর্সেনাল ও প্রিস্টন নর্থ অ্যান্ড ৫৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষস্থান দখল করে। কিন্তু শিরোপাটা যায় আর্সেনালের ঘরে। গোল ব্যবধান মাত্র ০.০৯৯।ম্যানচেস্টার ইউনাইটেড এবারের মৌসুমে মতো পরিস্থিতির মুখে প্রথম পড়েছিল ১৯৬৪-৬৫ মৌসুমে। লিডস ইউনাইটেডের সঙ্গে ৬১ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষস্থানটা দখল করেছিল রেড ডেভিলরা। তবে পার্থক্য শুধু এটাই যে সেইবার শিরোপাবঞ্চিত হতে হয়নি ম্যানইউকে। ০.৬৮৬ পয়েন্টের গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল তারা।১৯৮৮-৮৯ মৌসুমটাই সম্ভবত ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম। লিগের শেষ ম্যাচে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্সেনাল। এই মৌসুমে আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট (৭৬) তো সমান ছিলই, সেই সঙ্গে গোল ব্যবধানও সমান ছিল। শিরোপা জিততে হলে আর্সেনালকে জিততে হতো দুই গোলের ব্যবধানে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাইকেল থমাসের গোলে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে গানার্সরা।