আরও খারাপ উত্তরের ব্যাটিং

নির্বাচকদের রুমে পা দিয়েই একটা আক্ষেপ শোনা গেল। জানালার কাচের ভেতর দিয়ে মাঠে দৃষ্টি ফেলে আক্ষেপটা করছিলেন এক নির্বাচকই, ‘দীর্ঘ পরিসরের ক্রিকেট কী, সেটাই আমরা বুঝি না! হয় সমানে মারতে থাকি অথবা একদমই কিছু করি না। মাঝামাঝি কিছু নেই।’
বেলা সাড়ে ১১টার মতো বাজে, স্কোরবোর্ডে তখন বিসিবি উত্তরাঞ্চলের রান ১ উইকেটে ৭২। তার মানে সকাল ৯টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর ২০ মিনিটের প্রথম বিরতি পেরিয়ে খেলা হয়ে গেছে আরও মিনিট দশেক। অথচ আগের দিনের বিনা উইকেটে করা ১৫ রানের সঙ্গে ওপেনার জুনায়েদ সিদ্দিকের (২৫) উইকেট হারিয়ে ২ ঘণ্টা ১০ মিনিটে আর মাত্র ৪৭ রানই যোগ করতে পেরেছে উত্তরাঞ্চল ব্যাটসম্যানরা।
এ রকম ব্যাটিংয়ের কারণ হতে পারে দুটি—হয় প্রতিপক্ষের বোলাররা খুব ক্ষুরধার বোলিং করছে অথবা সমস্যা উইকেটে। সেখানে রান করাটা নিশ্চয়ই দারুণ এক সংগ্রামের কাজ। অথচ বাস্তবে এর কোনোটিই ছিল না কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। উইকেটে বোলারদের জন্য বলতে গেলে কিছুই ছিল না। তবে হ্যাঁ, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পেসার আল আমিন হোসেনের শর্ট বলগুলো খেলতে কেন যেন কষ্টই হচ্ছিল উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের।
৩৫ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার আল আমিন। তবে উইকেটগুলো আল আমিন যতটা না নিয়েছেন, তার চেয়ে বেশি ব্যাটসম্যানরাই ‘উপহার’ দিয়েছেন তাঁকে। দিনের ১১তম ওভারে তাঁর আউটসুইংয়ে লেট কাট করতে গিয়ে কট বিহাইন্ড জুনায়েদ। আল আমিনের পর পর দুই ওভারে (ইনিংসের ৫৫ ও ৫৭তম) প্রায় একই রকমভাবে উঠে আসা শর্ট বলে আচমকা ব্যাট উঠিয়ে নাঈম ইসলাম ক্যাচ দেন গালিতে আর মাইশুকুর শর্ট স্কয়ার লেগে। ইনিংসের ৯১তম ওভারে ফরহাদ রেজাও প্রায় একইভাবে গালিতে ক্যাচ দিয়েছেন শুভাগত হোমের হাতে।
নাসির হোসেনও তাঁর উইকেটটা উপহারই দিয়েছেন। সোহাগ গাজীর অফ স্পিনে খোঁচা মেরে স্লিপে শুভাগতর ক্যাচ। আউট হওয়ার আগ পর্যন্ত অবশ্য তাঁর ব্যাটিংয়ে ছিল নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত। দলের ১০৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নাঈম ফিরে যাওয়ার পর উইকেটে আসেন সম্প্রতি ফর্মে ফিরতে লড়াই করতে থাকা নাসির। দলের ১৯৯ রানে উইকেট দিয়ে আসার আগে ১১৩ বলে করেছেন ৭০, ৯ বাউন্ডারির সঙ্গে আছে আবদুর রাজ্জাকের বলে মারা একটা ছক্কাও। দিন শেষে আউটটা নিয়ে আফসোস করলেন, তবে ও রকম শট খেলার ব্যাখ্যাও দিলেন নিজের মতো করে, ‘আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। এতে যদি রান হতো আপনারাই বলতেন ভালো শট মেরেছে। ওই পাশে বাঁহাতি নয়ন (সানজামুল) ছিল আর এদিকে গাজী অফ স্পিন করছিল। আমার মনে হয়েছে সিঙ্গেল নিয়ে নয়নকে ব্যাটিংয়ে না দিয়ে আমি যদি ২ রান নিতে পারি...।’
নাসিরের উদ্দেশ্য শেষ পর্যন্ত সফল হয়নি। হয়নি বড় কোনো জুটিও। দীর্ঘ পরিসরের একটা ম্যাচ, অথচ উত্তরাঞ্চলের ইনিংসে সর্বোচ্চ জুটি কিনা দ্বিতীয় উইকেটে মাইশুকুর-ফরহাদ হোসেনের ৬০ রান!
উত্তরাঞ্চল ২৩৫ রানে অলআউট হতেই শেষ হয়ে গেছে দিনের খেলা। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের লিড ৩৬ রানের, সঙ্গে বোনাস পয়েন্ট ৬টি। অন্যদিকে প্রথম ইনিংস থেকে উত্তরাঞ্চলের বোনাস পয়েন্ট ৪। তার মানে ম্যাচ শেষ পর্যন্ত ড্র হলে বোনাস পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়ে যাবে দক্ষিণাঞ্চল। তবে বিসিএলের পাঁচ দিনের ফাইনাল দ্বিতীয় দিন শেষে যে জায়গায় দাঁড়িয়ে, তাতে ফল মোটামুটি অনিবার্যই, এমনকি সেটা হয়ে যেতে পারে ম্যাচের এক-দেড় দিন বাকি থাকতেই।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২৭১।
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৩৫ (নাসির ৭০, মাইশুকুর ৪২, ফরহাদ হোসেন ৩২, তাইজুল ২৯*, জুনায়েদ ২৫; আল আমিন ৪/৩৫, শুভাগত ২/২১, রাজ্জাক ২/৬৭, সোহাগ ২/৬৮)।