আরও গলফ আরও পর্যটন
তিন বছর আগেও এতটা ব্যস্ত ছিল না কুর্মিটোলা গলফ কোর্স। বাংলাদেশ এশিয়ান ট্যুরের অন্যতম আয়োজক হওয়ার পর থেকেই যেন বদলে গেছে সবকিছু। দেশ-বিদেশের নামকরা গলফারদের মিলন মেলা বসছে প্রতিবছর। ক্যাডি, রেফারি, টুর্নামেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা মিলিয়ে বিদেশিদের ভিড় বাড়ছে বাংলাদেশে। আর এতেই গলফ পর্যটনে সম্ভাবনা দেখছেন ফেডারেশন কর্মকর্তারা।
এবার বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ খেলতে এসেছেন ৯৩ জন বিদেশি। ফেডারেশন সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট পরিচালনার জন্য আসা রেফারি, ক্যাডি ও অন্যান্য কর্মকর্তা মিলিয়ে সেই সংখ্যাটা ২২০। প্রতিবছর যদি এমন মাপের আরও টুর্নামেন্ট করা যায়, তাহলে গলফকে ঘিরে গড়ে উঠতে পারে পর্যটন।
বর্তমানে দেশে ১৮ হোলের কোর্স আছে পাঁচটি—কুর্মিটোলা, সাভার, কুমিল্লার ময়নামতি, চট্টগ্রামের ভাটিয়ারি ও আনোয়ারায়। এ ছাড়া ১৪টি নাইন হোলের কোর্স রয়েছে। এসব গলফ কোর্স কাজে লাগিয়েই গড়ে উঠতে পারে পর্যটনশিল্প।
গলফ ফেডারেশনের মহাসচিব ও আয়োজক কমিটির সহসভাপতি মহিউদ্দিন সিদ্দিকীও এ ব্যাপারে দারুণ আশাবাদী, ‘আমরা এ বছর দুটি পিজিটিআই ট্যুর করব। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর আয়োজনের পরিকল্পনাও রয়েছে। বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারলেই গলফ ঘিরে পর্যটনশিল্প বাড়বে।’
তিন বছর ধরে এশিয়ান ট্যুরের পৃষ্ঠপোষকতা করে আসছে বসুন্ধরা গ্রুপ। তাদের বাইরে অন্য প্রতিষ্ঠানগুলোকে টুর্নামেন্ট করার সুযোগ দেওয়ার পক্ষে মহিউদ্দিন সিদ্দিকী, ‘বসুন্ধরা গ্রুপ গলফসহ অন্যান্য খেলাধুলার সঙ্গে আছে। আমি নিশ্চিত উনারা পরেরবারও আমাদের সঙ্গে থাকবেন। আমরাও এশিয়ান ট্যুর করব। তবে অন্যান্য প্রতিষ্ঠানকেও সুযোগ দেওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো আরও বড় পরিসরে আয়োজন হতে পারে এশিয়ান ট্যুর।’