আরও গোল চান বিয়েলসা
এক দল স্পেনের বিপক্ষে জিতেছে ৮৫ বছরের চেষ্টায়, যেটি এখন বিশ্বকাপের এই আসরের সবচেয়ে আলোচিত জয়। আরেক দলের জয় এতটা আলোচিত নয়, কিন্তু তাদেরও প্রায় অর্ধশতাব্দীর অপেক্ষার অবসান হলো। বিশ্বকাপে তারা ম্যাচ জিতল ৪৮ বছর পর। বুঝতেই পারছেন, সুইজারল্যান্ড আর চিলির কথাই হচ্ছিল এতক্ষণ। এই দুই দল মুখোমুখি হচ্ছে আগামী সোমবার।স্পেনের বিপক্ষে সুইজারল্যান্ড জেতায় হিসাব ওলটপালট হয়ে গেছে কিছুটা। চিলি নিশ্চয়ই হন্ডুরাসের বিপক্ষে ৩ পয়েন্ট পেয়েই তৃপ্ত ছিল। কিন্তু সুইজারল্যান্ডের ওই কীর্তির পর বোঝা যাচ্ছে, এই গ্রুপে গোল ব্যবধান একটা বড় প্রভাবক হয়ে দাঁড়াবে দ্বিতীয় রাউন্ডে ওঠার ক্ষেত্রে। হন্ডুরাসের বিপক্ষে আরও বেশি গোল না পাওয়ায় চিলি কি তবে দুশ্চিন্তায়?কোচ মার্সেলো বিয়েলসা জানালেন, ‘এটা তো কিছুতেই আগাম বলা সম্ভব নয়। তবে গ্রুপ পর্বের খেলা যেভাবে শুরু হলো, তাতে বেশি গোল না করলে পরে হয়তো খেসারত দিতে হতে পারে।’ হন্ডুরাসের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি চিলি। ফিনিশিং আরও ভালো করতে সুইজারল্যান্ড ম্যাচের আগে আরও বেশি শ্যুটিং অনুশীলন করবে ১২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা দলটি। চিলির জন্য একটা সুখবর, দলের মূল ভরসা হামবার্তো সুয়াজো ফিরছেন। চোটের কারণে প্রথম ম্যাচটা খেলতে পারেননি বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার স্ট্রাইকারদের টপকে সর্বোচ্চ গোলদাতা হওয়া সুয়াজো। রয়টার্স।