আরও গোল চেয়েছিলেন পার্সি!

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে ১-৫ গোলে হারিয়েছে হল্যান্ড। জোড়া গোল করেছেন রবিন ফন পার্সি ও আরিয়েন রোবেন। তবে পাঁচ গোলেও মন ভরেনি ডাচ অধিনায়কের! ওদিকে লুই ফন গালও এমন জয় আশা করেননি, তিনি নাকি কেবল গোলই চেয়েছিলেন! তবে ডাচ কোচ সবচেয়ে বেশি খুশি তাঁর ৩-৫-২ ফর্মেশন দারুণ কাজে লাগায়।
পার্সি বললেন, ‘আমরা কিছুতেই থামব না—প্রথমার্ধের সময় এটি নিজেদের বলেছিলাম। সেটিই কেবল ধরে রেখেছি। বলেছিলাম, এতে পাঁচ গোলও হতে পারে। তা-ই হয়েছে। পাঁচ গোলই হয়েছে! তবে এটা ছয়, সাত কিংবা আটও হতে পারত।’ অসাধারণ হেডে করা সেই গোল প্রসঙ্গে ৩০ বছর বয়সী স্ট্রাইকার বললেন, ‘এটা অসাধারণ গোল ছিল। দেখছিলাম ইকার ক্যাসিয়াস সামনে চলে এসেছে। ফলে নিজেকে ভাসিয়ে গোল দিতে হলো।’
ডাচ গুরু ফন গাল বললেন, ‘আমি এমন ফল আশা করিনি, তবে গোল আশা করেছিলাম। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
ফন গালের ৩-৫-২ ফর্মেশন নিয়ে কদিন আগেও নানা কথা হচ্ছিল। সে প্রসঙ্গে বললেন, ‘নতুন কৌশলে মাত্র পাঁচ সপ্তাহ কাজ করার সুযোগ পেয়েছি। কারণ বাছাইপর্বে আমরা খেলেছিলাম ৪-৩-৩ ফর্মেশনে। সত্যি বলতে ইকুয়েডর, ঘানা, ওয়েলশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ৩-৫-২ ফর্মেশন ভালোভাবে কাজে লাগেনি। কিন্তু আমরা অনুশীলনে এটি নিয়ে কাজ চালিয়ে গেছি।’
১৯৫০-এ ব্রাজিলের কাছে ৬-১ গোলে হারার পর বিশ্বকাপে এটিই সবচেয়ে বাজে পরাজয় স্পেনের। ভীষণ হতাশ ভিসেন্তে দেল বস্ক। বললেন, ‘একজন খেলোয়াড়ের পারফরম্যান্সের কারণে একটি দল হারে না। পুরো স্কোয়াডের দুর্বলতার কারণেই হারে। খুবই বিপর্যস্ত ও হতাশা বোধ করছি। তবে এ পরাজয়ের মর্ম বোঝার যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে। এর জন্য আমরা সবাই দায়ী। এখন আমাদেরকে সামনে তাকাতে হবে। চিলির বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে।’ এএফপি, রয়টার্স