আরও গোল চেয়েছিলেন প্রান্দেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার ইতালির কাছে হেরেই শেষ হয়েছে জার্মানির শিরোপা জয়ের স্বপ্ন। গতকাল এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের অন্যতম ফেভারিট জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে চলে এসেছে ইতালি। তবে জয় পেলেও শিষ্যদের পারফরমেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না সিজার প্রান্দেলি। দ্বিতীয়ার্ধে আরও কিছু গোলের সুযোগ এসেছিল আর সেগুলো থেকে গোল করে ব্যবধান আরও বাড়ানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন এই ইতালিয়ান কোচ।গতকাল প্রথমার্ধেই ইতালিকে দুইটি গোল এনে দিয়েছিলেন মারিও বালোতেল্লি। আর তখনই মোটামুটি নিশ্চিতই হয়ে গিয়েছিল ইতালির বিজয়। কিন্তু দ্বিতীয়ার্ধেও গোল করা যেত বলে মনে করছেন প্রান্দেলি। রাই টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমরা খুবই অসাধারণ একটা ম্যাচ খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা অন্তত আর একটি গোল করতে ব্যর্থ হয়েছি।’ শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেছিলেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। গতকাল ইতালিকে দুইটি গোল এনে দেওয়া বালোতেল্লির ভূয়সী প্রশংসা করেছেন ইতালির কোচ। বলেছেন, ‘পুরো দলের মতো বালোতেল্লিও অসাধারণ খেলেছে।’এখন আগামীকাল ৩০ জুন শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে বিশ্বকাপজয়ী ও গতবারের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেনের মুখোমুখি হবে ইতালি।— ইএসপিএন