আরও চমক আছে ওয়াসলের
ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে চুক্তিটাই শেষ নয়, আরও চমক দেওয়ার অপেক্ষায় আল ওয়াসল। আরব আমিরাতের সাতবারের চ্যাম্পিয়ন ক্লাবটির স্বপ্নের শেষ নেই। আর এই সীমাহীন স্বপ্নকে ধরতে সম্ভাব্য সবকিছু করতেই তারা প্রস্তুত। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ক্লাবটি ইঙ্গিত দিল, ম্যারাডোনার সঙ্গে আল ওয়াসল শিবিরে যোগ হতে যাচ্ছে আরও অনেক বড় বড় নাম।মানে পরিষ্কার, নিকট ভবিষ্যতে ম্যারাডোনার সঙ্গে আরও অনেক ফুটবল রথী-মহারথীকেই দেখা যেতে পারে আল ওয়াসল শিবিরে। ‘এটা স্রেফ শুরু। ক্লাবের দৃষ্টি সত্যিই খুব উঁচুতে। হ্যাঁ, আমরা আনতে শুরু করেছি। কিন্তু প্রত্যাশা, আরও অনেক কিছুই আসবে। আমাদের স্বপ্ন সীমাহীন’—ক্লাবের প্রধান নির্বাহী আশরাফ মোহাম্মেদের প্রতিক্রিয়াতেই পরিষ্কার, কত বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে আল ওয়াসল।ভবিষ্যতের সেই লক্ষ্যটা কী, স্পষ্ট করে দিয়েছেন ক্লাবের সহসভাপতি সোয়েইদেন আল নাবোদা। বলছেন, শুধু এশিয়াতেই নয়, তাঁরা প্রতিনিধিত্ব করতে চান বিশ্ব দরবারেও, ‘আমরা সবদিক দিয়েই সামনে এগোতে চাই। আমরা খুব উচ্চাভিলাষী। আমরা তরুণ একটি দল, বোর্ড নিয়োগ হয়েছে দুই বছর আগে। আমরা সত্যিই ক্লাবকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই।’কিন্তু ক্লাবকে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে নিয়ে যেতে হলে সবার আগে মনোযোগ দিতে হবে ভিত্তির দিকে। শুরু করতে হবে শূন্য থেকে। আর তাই তারা ক্লাবের যুব প্রকল্পের টেকনিক্যাল পরিচালক হিসেবে নিয়োগ দিতে চাইছে বার্সেলোনার যুবদলের প্রধান আলবার্ট বেনাইজেসকে। চুক্তিটা করতে চায় তারা পাঁচ বছরের জন্য। এ সবকিছুই আমিরাতের লিগের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ফেরানোর জন্য। ম্যারাডোনার সঙ্গে চুক্তির মধ্য দিয়ে বিশ্ববাসীর আলাদা একটা কৌতূহল ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে।আল ওয়াসল কর্তৃপক্ষ তো বটেই, ম্যারাডোনার স্বদেশি ম্যাতিয়াস দেলগাদোও বিশ্বাস করেন, ম্যারাডোনার উপস্থিতি আমিরাতের ফুটবলে যোগ করবে অন্য মাত্রা। ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার ২০১০ সালে নাম লিখিয়েছেন আমিরাতের আরেক ক্লাব আল জাজিরায়, যারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে; গত সোমবার ম্যারাডোনার সঙ্গে চুক্তির দিনই আল ওয়াসলকে যারা হারিয়েছে ৪-০ গোলে। কিন্তু দেলগাদোর বিশ্বাস, আগামী মৌসুমেই আল ওয়াসল হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ, ‘ম্যারাডোনার জন্য খেলাটা সব সময়ই অনুপ্রেরণার। আগামী মৌসুমেই আল ওয়াসলের খেলোয়াড়েরা শীর্ষের কাছাকাছি চলে আসবে এবং তাদের বিপক্ষে খেলাটা কঠিন হবে। কারণ ম্যারাডোনা। ম্যারাডোনা এখন এখানে। ইতিমধ্যেই লোকজন এই লিগ নিয়ে ভাবতে শুরু করেছে। এটা চমৎকার।’ম্যারাডোনা চাইলে দুবারের ফিফা বর্ষসেরা রোনালদিনহোর মতো খেলোয়াড়েরাও আমিরাত লিগে চলে আসবেন বলে মনে করেন দেলগাদো, ‘এটা আমাদের জন্যই ভালো। কারণ এখন প্রত্যেকেই এখানে আসার কথা চিন্তা করবে। সম্ভবত সে যদি রোনালদিনহোকেও বলে, হয়তো রোনালদিনহোও চলে আসবে?’ আল ওয়াসলের স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো ইয়েস্তের সুরও দেলগাদোর মতোই। ‘আল ওয়াসলের জন্য এটা সবচেয়ে ভালো সংবাদ, ম্যারাডোনা এখানে আসছে। এটা ফুটবলের মান, খেলোয়াড়, অনুশীলন এবং সব মানুষের জন্যই ভালো, এখানে যারা আসবে, তারা খুশিই হবে।’ ওয়েবসাইট।